সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩০

প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২৫

সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩০

সিলেটের দক্ষিণ সুরমায় কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহন শ্রমিকদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ২০২৩ সালের ২৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনের জের ধরে এ সংঘর্ষের সূত্রপাত। ওই নির্বাচনে ময়নুল ইসলাম সভাপতি ও মো. আব্দুল মুহিম সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেন। তবে প্রতিদ্বন্দ্বী প্যানেলের প্রার্থী সেলিম আহমদ ফলিক ও সামছুল হক মানিক ফলাফল নিয়ে আপত্তি জানিয়ে শ্রম আদালতে মামলা করেন।

মঙ্গলবার শ্রম আদালত মামলাটি খারিজ করে দিলে সামছুল হক মানিক ও তার সমর্থকরা বিকেল ৩টার দিকে নির্বাচিত সাধারণ সম্পাদক মুহিমের ওপর হামলা চালান বলে অভিযোগ ওঠে। এরপরই উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে লাঠিসোটা, ইটপাটকেল ব্যবহার করা হয়। এতে টার্মিনাল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়।

দক্ষিণ সুরমা থানার পরিদর্শক (তদন্ত) মো. মারফাত আলী জানান, “ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত। সংঘর্ষের ঘটনায় একজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে।”

এ ঘটনায় শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বাস চলাচল কিছু সময়ের জন্য বিঘ্নিত হলেও বর্তমানে পরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট