চা দিতে দেরি হওয়ায় সিলেটে হোটেল কর্মচারী খুন

প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৫

চা দিতে দেরি হওয়ায় সিলেটে হোটেল কর্মচারী খুন

সিলেট নগরীর কাজির বাজারে এক হোটেল কর্মচারী খুন হয়েছেন। রোববার (১৩ জুলাই) সকালে এই ঘটনা ঘটে।

নিহত হোটেল কর্মচারী দিনার আহমদ রুমন (২২) দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের শবদুলপুর গ্রামের মৃত তকলিছ আহমদের ছেলে। তিনি কাজিরবাজারের মাছবাজার সংলগ্ন নিরু বাবুর চায়ের দোকানের কর্মচারি ছিলেন।

পুলিশ সুত্রে জানা যায়, সকাল ৯টার দিকে এক যুবক চা খেতে কাজির মাছ বাজারের পাশে অবস্থিত একটি হোটেলে ঢুকেন। চা দিতে বিলম্ব হওয়ায় তিনি রুমনের সাথে তর্কে জড়িয়ে পড়েন। তখন হোটেল মালিক ও আশপাশের লোকজন তাদেরকে শান্ত করে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।

তবে এর কিছুক্ষণ পর ওই যুবক আরো কয়েকজনকে সাথে নিয়ে হোটেলে ঢুকে ওই কর্মচারীর উপর হামলা চালান। একপর্যায়ে রুমনকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যান। পরে তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রেস্টুরেন্ট মালিক নিরু মিয়া জানান, ‘চা দিতে দেরি হওয়ায় এক যুবকের সঙ্গে রুমনের সামান্য কথা কাটাকাটি হয়েছিল। আমরা বিষয়টি মিটিয়ে ফেলি। কিন্তু কিছুক্ষণ পর সেই যুবক কয়েকজনকে সঙ্গে নিয়ে এসে রুমনের ওপর হামলা চালায়। আমি থানায় অভিযোগ দিতে এসেছি।‘

বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার ওসি মো. জিয়াউল বলেন, আমরা আসামীদের ধরতে অভিযান চালাচ্ছি। তার লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট