শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে ২৩ জনকে ঠেলে পাঠালো বিএসএফ

প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৫

শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে ২৩ জনকে ঠেলে পাঠালো বিএসএফ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার জাম্বুরাছড়া সীমান্ত দিয়ে আরও ২৩ বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। যার মধ্যে ৯ জন শিশু, ৯ জন নারী ও ৫ জন পুরুষ রয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে উপজেলার কাকমারা ছড়া বিওপি সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

৫৫ বিজিবি সূত্রে জানা যায়, ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের জাম্বুরাছড়া সীমান্ত এলাকা দিয়ে এই ২৩ জনকে বাংলাদেশে ঠেলে পাঠায়। পরে বিজিবির কাকমারা বিওপির সদস্যরা তাদের সীমান্ত এলাকা থেকে আটক করে ক্যাম্পে নিয়ে যান।

জিজ্ঞাসাবাদে তারা যশোর, বাগেরহাট, চাপাইনবাবগঞ্জ, বরগুনা, বরিশাল ও কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে দাবি করেন। তবে তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘ভোরবেলা বিজিবি থেকে বিষয়টি আমাদের জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত আমাদের কাছে তাদের হস্তান্তর করা হয়নি। হস্তান্তরের পর পরিচয় নিশ্চিত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

এ পর্যন্ত মৌলভীবাজার জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে পুশ-ইনের ঘটনায় বিজিবি ও পুলিশের হাতে মোট ৪৭৫ জন আটক হয়েছেন। এর মধ্যে বড়লেখা উপজেলা দিয়ে ৩৪১ জন, জুড়ী উপজেলা দিয়ে ১০ জন, কুলাউড়া উপজেলা দিয়ে ২১ জন, শ্রীমঙ্গল উপজেলা দিয়ে ৪২ জন এবং কমলগঞ্জ উপজেলা দিয়ে ৬১ জন আটক হয়েছেন।

এরআগে আজ সকালে জেলার বড়লেখা সীমান্ত দিয়ে নারী শিশুসহ ৪৮ জনকে ঠেলে পাঠায় বিএসএফ।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট