১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, জুন ৩০, ২০২৫
বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের হার্ডওয়্যার ও সফটওয়্যার এক্সপার্ট মইনুল বাকর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চান।
যুক্তরাজ্যপ্রবাসী এই প্রযুক্তিবিদ বলছেন-বিলাসী প্রবাসজীবন নয়, তার হৃদয়ে স্থান করে নিয়েছে মানুষের স্বপ্ন। তাছাড়াও দীর্ঘদিন দেশে নির্বাচনের পরিবেশ ফিরে আসায় মানুষের সেবা করার সুযোগ এসেছে। সেজন্যই মানুষের সেবা করার ব্রত নিয়ে লড়তে চান সিলেট-৩ আসনে।
সোমবার (৩০ জুন) সন্ধ্যায় সিলেট নগরের আম্বরখানার একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের প্রার্থীতা ঘোষণা করেন তিনি।
এসময় মইনুল বাকর বলেন, ‘আমি কোনো রাজনৈতিক দলের প্রার্থী না। আমি জনগণের প্রতিনিধি হতে চাই। কারণ, আমার শেকড় এই এলাকায়। আমার স্বপ্ন এই এলাকার প্রতিটি মানুষের মুখে হাসি ফোঁটানো।‘
সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মইনুল বাকর জানান, তিনি প্রায় ৩০ বছর ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন। সেখানে উচ্চশিক্ষা শেষে আইটি খাতে নিজের ব্যবসা গড়ে তোলেন। বর্তমানে যুক্তরাজ্য ও মিশরে তার দুটি সফল ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। একই সঙ্গে তিনি অ্যাপলের একজন স্বীকৃত হার্ডওয়্যার ও সফটওয়্যার বিশেষজ্ঞ।
তবে এসব অর্জন তাকে থামাতে পারেনি। গত ১০ বছর ধরে বাংলাদেশ বেওয়ারিশ ফাউন্ডেশনের মাধ্যমে দেশের ৬৪ জেলায় তিনি অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা শতাধিক বেওয়ারিশ মানুষের চিকিৎসা করেছি, ঘর নির্মাণ করে দিয়েছি, শিক্ষার্থীদের বৃত্তি দিয়েছি, মাদ্রাসায় ফ্রি পাঠদান চালু করেছি। এসব কাজ থেমে থাকবে না।‘
১৯৯৬ সালে সিলেট-২ আসন থেকে সর্বকনিষ্ঠ সংসদ সদস্য প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন মইনুল। এরপর আর নির্বাচনে অংশ নেননি। তবে দেশ ও মানুষের জন্য কিছু করার তাগিদ থেকেই এবার সিলেট-৩ (দক্ষিণ সুরমা, বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ) আসন থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।
তিনি বলেন, ‘দেশে ফিরে আমি দেখি আমার এলাকার মানুষ এখনো অবহেলিত। নদী ভাঙন, রাস্তাঘাটের দুরবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সংকট প্রকট। আমি এসব দেখতে পারি না। তাই এবার সিদ্ধান্ত নিয়েছি—সংসদে গিয়ে মানুষের পক্ষে কথা বলবো।‘
সংবাদ সম্মেলনে মইনুল জানান, তার কোনো অবৈধ সম্পদ নেই। অর্থ বা ক্ষমতার লোভও নেই। তিনি চান যোগ্যতা, সততা ও আন্তরিকতা দিয়ে মানুষকে নেতৃত্ব দিতে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভাষা সৈনিক অধ্যক্ষ মো. মাসউদ খান ও অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম ডিনেস প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D