জকিগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, টাকা-স্বর্ণালঙ্কার লুট

প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, জুন ২৮, ২০২৫

জকিগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, টাকা-স্বর্ণালঙ্কার লুট

সিলেটের জকিগঞ্জ উপজেলার আমলশীদ গ্রামের ব্যবসায়ী গোবিন্দ পালের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৭ জুন) গভীর রাতে সংঘবদ্ধ ডাকাতদল এ বাড়িতে হানা দিয়ে হাত-পা বেঁধে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

গোবিন্দ পালের পরিবারের সদস্যরা জানান, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে গোবিন্দ পালের বাড়িতে ১০ থেকে ১২ জনের ডাকাতদল হানা দেয়। এর মধ্যে অন্তত ৮ জন ঘরের ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ফেলে এবং ঘরের জিনিসপত্র তছনছ করে। পরে তারা প্রায় ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। বাড়ির বাইরে আরও কয়েকজন ডাকাত পাহারায় ছিল বলে জানিয়েছেন তারা।

আমলশীদ এলাকার বাসিন্দা ও মানব কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক সাদিক সিদ্দিকী জানান, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগেও আমলসীদ বাজারে লুটপাটের ঘটনা ঘটেছে। বারবার এমন ঘটনায় আমলশীদ গ্রামবাসী আতঙ্কিত। ঘটনায় জড়িতদের দ্রুত সনাক্ত করে গ্রেফতারের দাবি জানান তিনি।

এ বিষয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ, অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম এবং ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং ডাকাতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট