কদমতলীতে অর্ধশত কোটি টাকার ভূমি পাল্টাপাল্টি দখল : পুলিশসহ আহত ৬

প্রকাশিত: ২:০৯ পূর্বাহ্ণ, জুন ২৫, ২০২৫

কদমতলীতে অর্ধশত কোটি টাকার ভূমি পাল্টাপাল্টি দখল : পুলিশসহ আহত ৬

:: সিলেট সংবাদ ডেস্ক ::


সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের কদমতলীতে অর্ধশত কোটি টাকার ভূমির পাল্টাপাল্টি দখল নিয়ে দু-পক্ষের সংঘর্ষে পুলিশ, বিএনপি ও যুবদল নেতাসহ ৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, সিলেট সিটি এসবির এ এস আই মালেক, পশ্চিম শেখঘাটের ৭৫ নবাবরোডের মৃত আব্দুল গাফফারের ছেলে সিলেট মহানগর যুবদলের সহ-সভাপতি বেলাল আহমদ, ইলেকট্রিক সাপ্লাই কলবাখানি আবাসিক এলাকার বাসিন্দা ৫ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি লখন আহমেদ, কদমতলীর আফরোজ বক্সের ছেলে তাজুল ইসলাম টিপু বক্স, গুল্লু মিয়া উরফে ভুরু মিয়ার ছেলে মোহাম্মদ আব্দুল ও তার ছেলে লিপন আহমদ। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, কদমতলী পয়েন্ট সংলগ্ন তিন দাগে প্রায় দেড় শতাধিক ভূমি যার বাজার মূল্য অর্ধশত কোটি টাকা।

সেই ভূমির রেকডীয় ও ক্রয়সূত্রে মালিক ছিলেন মৃত জহির বকস্ ও উনার জামাতা মৃত মাহমুদ হাজী। বাটোয়ারাবিহীন ঐ ভূমিতে টিপু বকস্ তার পিতা আফরোজ বক্স এর নামে মার্কেট তৈরি করে দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছিলেন। অপরদিকে গত রমজান মাসে সিলেট মহানগর যুবদলের সহ-সভাপতি বেলাল আহমদ মৃত মাহমুদ হাজীর উত্তরাধিকারী হিসেবে ঐ ভূমি দখল করে আফরোজ বক্স ম্যানশনের সাইনবোর্ড সরিয়ে সেখানে মাহমুদ কমপ্লেক্স-২ নামীয় সাইনবোর্ড লাগিয়ে দেন। টিপু বক্স ও বেলাল আহমদ সম্পর্কে মামা ভাগ্নে।

দীর্ঘ কয়েকমাস মাহমুদ কমপ্লেক্স নামীয় সাইনবোর্ড থাকাবস্থায় মঙ্গলবার দুপুরে টিপু বক্সের পক্ষের লোকজন মাহমুদ কমপ্লেক্স নামীয় সাইনবোর্ড সরিয়ে সেখানে পূর্বের নাম আফরোজ বক্স ম্যানশন সাইনবোর্ড লাগাতে গেলে দু পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত ঘটে। সিলেট সিটি এসবির এ এস আই মালেক তার দায়িত্ব পালনের সময় একটি পক্ষের লোকজন তাকে মারপিট করে। অপরদিকে আহত আব্দুল ও তার ছেলে দু-পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে আহত হন। ঘটনার সংবাদ শুনে দক্ষিণ সুরমা থানার ওসি মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

পরে সেনাবাহিনী সংবাদ পেয়ে ঘটনাস্থল পরির্দশন করে কদমতলী এলাকায় তারা অবস্থান নেয়। দক্ষিণ সুরমা থানার ওসি মিজানুর রহমান বলেন, একটি মার্কেটের জায়গা দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। আমরা সংবাদ শুনে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। বর্তমানে পরস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট