১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, মে ২০, ২০২৫
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’র ১৯ তম কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও ২০তম কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২০ মে) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে এ অনুষ্ঠান শুরু হয়।
শাবি প্রেসক্লাবের সভাপতি জুবায়েদুল হক রবিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাঈম আহমদ শুভর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির ও সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে শাবি প্রেসক্লাবের ২০ তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন শাবি প্রেসক্লাব নির্বাচন- ২০২৫ এর নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম। এরপর ১৯তম কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি রাহাত হাসান মিশকাত ও সাধারণ সম্পাদক হাসান নাঈম নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
এসময় আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. এছাক মিয়া এবং সহকারী প্রক্টর অধ্যাপক ড. বেলাল হোসেন শিকদার।
সভাপতির বক্তব্যে শাবি প্রেসক্লাবের সভাপতি জুবায়েদুল হক রবিন বলেন, সাংবাদিকতা শুধু খবর প্রকাশ করা নয় এটি দায়িত্ব, এটি সাহস, এটি সত্য অনুসন্ধানের এক অনন্য মাধ্যম। একজন সাংবাদিক শুধুমাত্র সংবাদ পরিবেশন করেন না, তিনি সমাজের নানান অসঙ্গতি তুলে ধরেন, ন্যায়-অন্যায়ের মাঝে পার্থক্য স্পষ্ট করেন এবং জনমত তৈরি করেন। বিশ্ববিদ্যালয় সাংবাদিকরাও একই দায়িত্ব পালন করে চলেছেন।
তিনি আরো বলেন, শাবি প্রেসক্লাবের সাংবাদিকরা সবসময় বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কাজ করে এসেছে। বিশ্ববিদ্যালয়ে কোনো ইতিবাচক অর্জন হোক বা কোনো অনিয়ম, আমরা সবসময় তা নিরপেক্ষভাবে উপস্থাপন করেছি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সকল সেক্টরের সঙ্গে গঠনমূলক সম্পর্ক বজায় রেখে কাজ করি, যাতে করে আমাদের প্রতিবেদনগুলো শুধু সমালোচনা নয়, সমাধানের পথও দেখায়। বিগত সময়গুলোর মতো ভবিষ্যতেও আমাদের এ ধারা অব্যাহত থাকবে।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সব সময় শাবি প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয় দেশসহ দেশের বাইরে প্রচারে তাদের ভূমিকা অনস্বীকার্য। আমি বিশ্বাস করি শাবি প্রেসক্লাব তাদের এই ধারাবাহিকতা বজায় রেখে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে।
এছাড়া অভিষেক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, বিভিন্ন হলের প্রভোস্ট, প্রক্টরিয়াল বডির সদস্যবৃন্দ, বিভিন্ন দপ্তর প্রধান, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, কর্মকর্তা সমিতির নেতৃবৃন্দ, কর্মচারী সংগঠনগুলোর নেতৃবৃন্দ, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সিলেটের বিভিন্ন পত্রিকার সাংবাদিকৃবন্দ, শাবি প্রেসক্লাবের সাবেক ও বর্তমান নেতৃবন্দ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্বেচ্ছাসেবী, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D