কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে আমরণ অনশনে শাবি শিক্ষার্থীরা

প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৫

কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে আমরণ অনশনে শাবি শিক্ষার্থীরা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর গত ফেব্রুয়ারিতে বহিরাগতদের হামলার ঘটনায় সন্তোষজনক পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হওয়ায় ভাইস চ্যান্সেলর ড. মুহাম্মদ মাছুদের পদত্যাগ দাবিতে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী।

তারা হলেন, বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পলাশ বখতিয়ার, গণিত বিভাগের শির্ক্ষার্থী হাফিজুল ইসলাম এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের শিক্ষার্থী রাশিদ আবরার। অনশনরত তিন শিক্ষার্থীই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শাবিপ্রবি শাখার নেতৃবৃন্দ।

বুধবার (২৩ এপ্রিল) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে তারা অনশন শুরু করেন।

শিক্ষার্থীরা জানান, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট শিক্ষার্থীদের ওপর বহিরাগতরা হামলা করলেও উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হয়েছে। এমনকি, ২২ জন মেধাবী শিক্ষার্থীর বিরুদ্ধে একজন বাইরের লোক মামলা করেছে। আবার ৩৭ জন শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। সরকারের কাছে এই উপাচার্যকে অপসারণের দাবি জানিয়েও কোনো লাভ হয়নি।

শাবি শিক্ষার্থীরা বলেন, কুয়েট শিক্ষার্থীদের দাবির সাথে সংহতি জানিয়েছি আমরা। উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে তাদের সাথে আমরণ অনশন শুরু করেছি আমরা।

উল্লেখ্য, কুয়েটে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কারের ঘটনায় প্রতিবাদ জানিয়ে আন্দোলন করছে কুয়েট শিক্ষার্থীরা। আন্দোলনের একপর্যায়ে গত ২১ এপ্রিল বিকাল ৪টা থেকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ মাসুদের পদত্যাগের দাবিতে আমরণ অনশন চালিয়ে যাচ্ছে কুয়েট শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এই আন্দোলনের সাথে একাত্মতা জানিয়ে শাবিপ্রবি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনশনে বসেছেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট