১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
বাংলাদেশ বিমানের ভাড়ানীতিতে সিলেটের প্রতি বৈষম্যমূলক আচরণ ও বিমানের কিছু অসাধু কর্মকর্তার সিলেট বিদ্বেষী মনোভাবের বিরুদ্ধে ফুঁসে উঠেছে সিলেটের সর্বস্তরের জনগণ। বিমান ভাড়ায় বৈষম্য দূর করে সমতা না আনলে বাংলাদেশ বিমান বয়কটসহ বিমান অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) আঞ্চলিক নেতারা।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সিলেট নগরীর জিন্দাবাজারস্থ আঞ্চলিক কার্যালয়ে এ জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তব্যে আটাব সিলেটের আঞ্চলিক সভাপতি মো. জিয়াউর রহমান খান রেজওয়ান বলেন, “যেখানে ঢাকা-চট্টগ্রাম রুটে বিমান ভাড়া সাড়ে ৩ থেকে ৪ হাজার টাকা, সেখানে তুলনামূলক কম দূরত্বের সিলেট-ঢাকা রুটের যাত্রীদের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০ থেকে ১২ হাজার টাকা। এটি সম্পূর্ণ অযৌক্তিক এবং সিলেটের জনগণের প্রতি বিমানের বৈষম্যমূলক মনোভাবের স্পষ্ট প্রমাণ।”
তিনি আরও বলেন, “ফ্যাসিস্টরা পালিয়ে গেলেও তাদের দোসররা এখনো বাংলাদেশ এয়ারলাইনসে ঘাপটি মেরে আছে। অনতিবিলম্বে বাংলাদেশ বিমানকে এসব দোসর মুক্ত করতে হবে এবং পর্যটন নগরী সিলেটের সঙ্গে দেশ-বিদেশের সব গন্তব্যে ন্যায্য ভাড়ায় বিমান চলাচল নিশ্চিত করতে হবে। পাশাপাশি যাত্রীসেবার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
সভায় আটাবের সিলেট আঞ্চলিক সাধারণ সম্পাদক দেওয়ান রুশো চৌধুরীর পরিচালনায় আরও বক্তব্য রাখেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুল হক, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির, আঞ্চলিক পরিষদের সদস্য দিদার আহমদ, আব্দুল বাসিত, সিরাজুল ইসলাম প্রমুখ।
বক্তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “বাংলাদেশ বিমানকে যাত্রীবান্ধব করতে হলে সবার জন্য সমান ভাড়া ও উন্নত সেবা নিশ্চিত করতে হবে। সিলেটবাসী কোনোভাবেই বিমানের এ বৈষম্যমূলক আচরণ মেনে নেবে না।”
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত এ সমস্যা সমাধান না হলে সিলেটের জনগণ বিমান বয়কটসহ কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D