১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৫
সিলেটে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় দায়েরকৃত মামলায় সাত ডাকাতের ৭ বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি রায়ে তাদের প্রত্যেককে আরও ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। মামলায় অপর ৩ জন আসামি খালাস পেয়েছেন।
সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক সৈয়দা আমিনা ফারহিন এ রায় ঘোষণা করেন।
অত্র আদালতের বেঞ্চ সহকারী সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেন।
রায়ে দন্ডিতরা হলেন, সিলেটের জকিগঞ্জ উপজেলার খাশিরচক গ্রামের মৃত শুকুর মিয়ার ছেলে বাবুল মিয়া (৩৫), একই উপজেলার মাতারগ্রামের ফারুক আলী ওরফে ফররুখ আলীর ছেলে শিপার আহমদ (৩০), খাসিরচক গ্রামের মৃত কামাল আহমদের ছেলে রুবেল আহমদ (২৮), সাহাব উদ্দিনের ছেলে রাসেল আহমদ (২০), উপজেলার বারঠাকুরী গ্রামের মৃত আব্দুস শুকুরের ছেলে আব্দুস শহীদ (৩০), খাসিরচক গ্রামের আব্দুস সবুরের ছেলে শাহাব উদ্দিন (৫০), বারঠাকুরী গ্রামের মো. আব্দুল বারী ওরফে বরই মিয়ার ছেলে আজির উদ্দিন (৩০)। দন্ডিতদের মধ্যে কেবল আজির উদ্দিন পলাতক রয়েছেন।
খালাসপ্রাপ্ত ৩ জন হলেন, জকিগঞ্জ উপজেলার চারিগ্রাম চানপুরের মৃত ফয়জুর রহমানের ছেলে ইসলাম উদ্দিন সেলিম (৩৫), বারঠাকুরী গ্রামের মৃত আমজাদ মিয়ার ছেলে বাবুল মিয়া (৪৫) ও মৃত আব্দুল খালিকের ছেলে নজরুল ইসলাম নজমুল (৩৪)।
মামলার বরাত দিয়ে আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ৬ জানুয়ারি রাত আড়াইটার দিকে জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী গ্রামের দুবাই প্রবাসী আব্দুল জব্বারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। সংঘবদ্ধ ডাকাতরা বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রেখে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ ১১ লাখ ৬০ হাজার টাকা মূল্যের মালামাল লুট করে নেয়। এই ঘটনায় প্রবাসী আব্দুল জব্বারের ছেলে হিফজুর রহমান বাদি হয়ে পরদিন জকিগঞ্জ থানায় অজ্ঞাত ১০/১১ জনের বিরুদ্ধে মামলা (নং-৪(০১)২০১৪) দায়ের করেন। তদন্ত শেষে ওই বছরের ১৯ অক্টোবর আদালতে অভিযোগপত্র (নং-১৩৯) দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর দিলোয়ার হোসেন। মামলাটি বিচারের জন্য অত্র আদালতে স্থানান্তর হলে ২০১৫ সালের ১২ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর বিচারকাজ শুরু হয়। দীর্ঘ শোনানিতে ২৭ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের স্বাক্ষ্যগ্রহণ শেষ ৩৯৫ ধারায় ৭ আসামিকে দোষী সাব্যস্ত করে বিচারক এ রায় ঘোষণা করেন।
মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আল আসলাম মোমিন এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনোয়ার হোসেন, আফজাল হোসেন ও অশেষ কর।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D