সিলেট নগরীতে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২৪

সিলেট নগরীতে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু

সিলেট নগরীতে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয়রা এই ঘটনাকে আত্মহত্যা বললেও পুলিশ বলছে অন্য কথা। পুলিশ এটিকে স্বাভাবিক মৃত্যু বা তারা অসুস্থ হয়ে মারা গেছেন বলে জানিয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) সকালে নগরীর মাছিমপুর এলাকায় খন্দকারের ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই বাসার ভাড়াটিয়া রুবেল আহমদ (৩০) ও তার স্ত্রী রাজনা বেগম ২৫)।

মারা যাওয়া রুবেল আহমদ (৩০) সুনামগঞ্জের তাহিরপুরের আবদুল মজিদের ছেলে। তাঁর স্ত্রী রাজনা বেগম (২৫) সিলেটের ফেঞ্চুগঞ্জ থানার দনারাম গ্রামের আবদুল আলীর ছেলে।

স্থানীয়রা জানান, এদিন সকাল ৯টায় রাজনা বেগম বিষপান করে মারা যান। পরে সকাল ১১টায় স্বামী রুবেল মিয়া বাসায় গিয়ে স্ত্রীর মৃত্যু দেখে নিজেও বিষপান করে অসুস্থ হন। তাদের দু’জনকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কোতোয়ালি থানাধীন সুবহানীঘাট ফাঁড়ি পুলিশ তাদের লাশ উদ্ধার করেছে।

তারা আরও জানান, রুবেল আহমদ নিজেকে হিজড়া পরিচয় দিতেন। এই পরিচয়ে তিনি নগরীতে হিজড়া দলের সাথে ঘুরতেন। তবে রুবেল নিজেকে হিজড়া পরিচয় দিলেও তার দুটি সন্তান রয়েছে বলে জানা গেছে।

রুবেল আহমদের মা জানান, কয়েকদিন ধরে রাজনা জ্বরে ভূগছিলেন। সকালে উঠান ঝাড়ু দিতে গিয়ে তিনি বেশি অসুস্থ হয়ে পড়লে তিনি হাতে-পায়ে তেল মালিশ করে দেন। অবস্থার অবনতি হলে একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে তাকে নিয়ে ওসমানী হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে রাজনা জ্ঞান হারিয়ে ফেলেন ও মুখ দিয়ে ফেনা বের হতে থাকে। এসময় স্বামী রুবেল আহমদ কান্নাকাটি শুরু করেন। একপর্যায়ে রুবেলও অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

রাজনা বেগমের পিতা আবদুল আলী বলেন, তার মেয়ে সুস্থ ছিলেন। ৩-৪ দিন আগেও পরিবারের সদস্যদের সাথে ফোনে কথা হয়েছে। স্বামী-স্ত্রীর মধ্যেও কোন বিরোধ ছিল না। রাজনার পিতার দাবি, পারিবারিক কোন বিরোধে স্বামী-স্ত্রী দুইজনকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির জানান, দুইজনকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। মৃত্যু নিয়ে সন্দেহ হওয়ায় ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, স্বামী-স্ত্রী দু’জনেই অসুস্থ হয়ে মারা গেছেন। তাদের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে কী কারণে তারা মারা গেছেন, বিষয়টি এখনো নিশ্চিত হতে পারিনি।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট