১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, মার্চ ৬, ২০১৭
দেশের সাত বিভাগের ১৪টি উপজেলা ও ৪টি পৌরসভায় বিভিন্ন পদে সোমবার শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ করা হয়। এখন ভোট গণনা চলছে বলে জানা গেছে।
ভোটগ্রহণকালে কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার খবর পাওয়া যায়নি।
উপজেলা ও পৌরসভার এই নির্বাচন দলীয় প্রতীকে হয় বলে আওয়ামী লীগ, বিএনপিসহ বড় দলগুলোর অংশগ্রহণে নির্বাচনের গুরুত্ব বেড়েছে।
এর আগে গত ১৮ ফেব্রুয়ারি এ নির্বাচন কমিশনের অধীনে রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভার নির্বাচন শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়।
আমাদের সিলেট প্রতিনিধি জানান, সিলেট জেলার ওসমানীনগর এবং বিভাগের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ কার্যক্রম শেষ হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ। এরপর শুরু হয়েছে ভোট গণনা। এখন এ দুই উপজেলায় ফলাফল জানার অপেক্ষায় প্রার্থী, সমর্থকরা।
এ দুই উপজেলার নির্বাচনে সংঘাত, সংঘর্ষের কোনো খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে নির্বাচন।
নির্বাচনে যে কোনো ধরনের অনিয়ম, বিশৃঙ্খলা ঠেকাতে প্রশাসন ছিল হার্ডলাইনে। ওসমানীনগরের বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে গিয়ে ভোটের চিত্র প্রত্যক্ষ করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার নাজমুনারা খানম ও ডিআইজি কামরুল আহসান।
এদিকে, ওসমানীনগর ও জগন্নাথপুর উপজেলা নির্বাচনে ভোটারদের উপস্থিতি কিছুটা কম ছিল।
যে সব উপজেলায় ভোটগ্রহণ করা হয়: ১৪টি উপজেলার মধ্যে সিলেটের ওসমানীনগর, খাগড়াছড়ির গুঁইমারা ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সব পদেই ভোটগ্রহণ করা হয়। এ ছাড়া শুধুমাত্র চেয়ারম্যান পদে বরিশালের বানারীপাড়া, গৌরনদী, পটুয়াখালীর রাঙ্গাবালী, কুমিল্লার আদর্শ সদর,পাবনার সুজানগর এবং কিশোরগঞ্জের হোসেনপুরে উপ-নির্বাচনের ভোটগ্রহণ করা হয়। ভাইস চেয়ারম্যান পদে নাটোরের বড়াইগ্রাম, নীলফামারীর জলঢাকা, সাতক্ষীরার কলারোয়া ও বাগেরহাটের মোরেলগঞ্জ এবং নারী ভাইস চেয়ারম্যান পদে পাবনার ঈশ্বরদীতে ভোট গ্রহণ করা হয়।
এছাড়া পটুয়াখালীর গলাচিপা পৌরসভায় চেয়ারম্যান পদে, রাশাহীর বাঘায় আড়ানী পৌরসভায় সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে, টাঙ্গাইলের সখীপুর পৌরসভায় ২ নম্বর সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে এবং বগুড়ার শেরপুর পৌরসভায় ৭ নম্বর সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদের উপনির্বাচনের ভোট গ্রহণ করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D