গোলাপগঞ্জে পিকআপ-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩

প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২২

গোলাপগঞ্জে পিকআপ-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩

সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জে পিকআপ ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন।

শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে গোলাপগঞ্জ উপজেলার রানাপিং এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পিকআপটি পার্শ্বস্থ খাদে গিয়ে পড়ে।

স্থানীয়দের সহায়তায় পুলিশ হতাহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছেন।

স্থানীয়রা জানান, শনিবার সকাল ৯টার দিকে চারখাই থেকে সিলেটগামী সিএনজি অটোরিকশা ও সিলেট থেকে বিয়ানীবাজার গামী পিকআপের মধ্যে ঘটনাস্থলে আসামাত্র মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩জন নিহত হন। তাৎক্ষনিকভাবে স্থানীয়রা তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তারা সবাই অটোরিকশার যাত্রী।

নিহতরা হলেন গোলাপগঞ্জ উপজেলার চারখাই ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও উত্তর চক্রবানী গ্রামের বাসিন্দা লুৎফুর রহমান (৭২), তার স্ত্রী জেলি বেগম (৬০) ও জকিগঞ্জ উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের তোপখানা গ্রামের সুনা মিয়ার ছেলে ইউনুস মিয়া (২৮)। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট