২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, জুন ১০, ২০২২
পাহাড়ি ঢল ও কয়েক দিনের অবিরাম বৃষ্টিতে সুনামগঞ্জের দোয়ারাবাজার এলাকা দ্বিতীয় দফায় বন্যার কবলে পড়েছে। নতুন করে পানি বৃদ্ধি পাওয়ায় সুরমা, লক্ষ্মীপুর, বগুলা, বাংলাবাজার, নরসিংহপুর ও দোয়ারা সদর ইউনিয়নের হাজারো মানুষ রয়েছেন আতঙ্কের মধ্যে।
সংশ্লিষ্টরা জানান, নিম্নাঞ্চলের অধিকাংশ বাড়িঘরের আঙিনা ও রাস্তাঘাট থেকে প্রথম দফা বন্যার পানি এখনো সরেনি। সেই বন্যার প্রভাবে এখনো নদীনালা, খালবিল, হাওর-বাওর, মাঠঘাট পানিতে একাকার হয়ে আছে। অনেকের স্যানিটেশন ও টিউবওয়েল ডুবে পেটের পীড়া, চর্মরোগ ও পানিবাহিত বিভিন্ন রোগের উপসর্গ এখনো পুরোদমে নির্মূল হয়নি।
প্রথম দফার বন্যাতে উপজেলা সদরের সঙ্গে সুরমা, বগুলা ও লক্ষ্মীপুর ইউনিয়নের সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন। এছাড়া আউশ ফসল, আমনের বীজতলা ও সবজি খেতসহ অধিকাংশ মাছের পুকুর তলিয়ে যাওয়ায় কোটি কোটি টাকার ক্ষতির মধ্যে পড়েছে হাজারো পরিবার। তবুও একবুক আশা নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ভুক্তভোগী কৃষি ও মৎস্যজীবী পরিবারগুলো।
এরই মধ্যে পানি কিছুটা কমে গেলে সাহস করে পুকুরে আবারো মাছের পোনা ছাড়েন, তড়িঘড়ি করে বীজতলায় বীজ বুনেন। কিন্তু দুর্ভাগ্যের শেষ হলো না তাদের। প্রথম দফা বন্যার রেশ কাটতে না কাটতে দ্বিতীয় দফা বন্যার অশনি সংকেতে আবারো চোখে সর্ষেফুল দেখছেন কৃষকরা।
সরেজমিনে দেখা গেছে, দোয়ারাবাজারে সুরমাসহ উপজেলার অধিকাংশ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় হু হু করে পানি বাড়ায় নিম্নাঞ্চলসহ উপজেলার বিভিন্ন রাস্তাঘাট ও বাড়িঘরে আবারো পানি থৈ থৈ করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা প্রিয়াংকা বলেন, সুরমাসহ উপজেলার বিভিন্ন নদীনালা, হাওর ও খালবিলের পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যার আশঙ্কা বিদ্যমান।
তিনি জানান, এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ ছাড়াও বন্যা মোকাবিলায় আমাদের সার্বক্ষণিক মনিটরিংসহ কন্ট্রোলরুম খোলা আছে। উপজেলা প্রশাসনসহ আমাদের স্থানীয় জনপ্রতিনিধিরাও এ বিষয়ে তৎপর রয়েছেন। পর্যাপ্ত ত্রাণসামগ্রীও মজুদ রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D