|
প্রকাশিত: ৯:৫১ পূর্বাহ্ণ, জুন ৫, ২০২২
প্রি টেস্ট দেয়া হলো না ছাতকের কলেজ ছাত্রী তানিয়ার। সিলেট সদর উপজেলার সিলেট-সুনামগঞ্জ সড়কের আউশা এলাকায় দুটি সিএনজি অটোরিকশায় ট্রাকের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।
নিহত তানিয়া আক্তার তান্নি (১৯) ছাতক উপজেলার নাদামপুর গ্রামের মতচ্ছির আলীর কন্যা। তানিয়া সিলেট নগরীর শাহী ঈদগাহস্থ সিলেট মডেল স্কুল এন্ড কলেজের এইচএসসি’র ছাত্রী। ছাত্রীটি তার এক স্বজনকে নিয়ে শনিবার লামাকাজি থেকে সিএনজি অটোরিক্সাযোগে তার প্রতিষ্ঠানে আসছিল বলে জানান নাদামপুর গ্রামের যুব সংগঠক জুনেদ আহমদ। এ দুর্ঘটনায় তার স্বজনরাও আহত হয়েছেন বলে জানান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জগামী একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১৮-৬১৩২) শনিবার বেলা আড়াইটায় ওভারটেকিং করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা দুটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকের ধাক্কায় সিএনজি দুটির যাত্রীসহ সড়কের পাশের ডোবায় গিয়ে ছিটকে পড়ে। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহতদের মধ্যে তান্নি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত অন্যরা হলেন, বিশ্বনাথ উপজেলার মির্জারগাও গ্রামের রুপা মিয়ার ছেলে হাসিম উদ্দিন (৪০), আমতৈল গ্রামের আব্দুর রহিমের স্ত্রী হাজেরা বেগম (৪০) ও ছেলে ইউনুছ আলী (১০), কাজীরগাও গ্রামের মৃত মাহমুদুর রহমানের ছেলে কামরুজ্জামান জুয়েল(৩৫), জকিগঞ্জ উপজেলার সোনসার গ্রামের মখলিছুর রহমানের ছেলে সায়েম (১৭), দক্ষিণ সুরমার দাড়িপাড়ার হাসান আলীর ছেলে মাসুদ আলী।
এসএমপির জালালাবাদ থানার এএসআই অমর কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানিয়েছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D