বিএনপির জ্বালাও-পোড়াও ঠেকাতে প্রস্তুত আওয়ামী লীগ : কাদের

প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, মে ২৬, ২০২২

বিএনপির জ্বালাও-পোড়াও ঠেকাতে প্রস্তুত আওয়ামী লীগ : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি যদি আবারও দেশে সহিংস ও জ্বালাও-পোড়াও করে তাহলে তার দল রাজপথে মোকাবিলা করতে প্রস্তুত আছে।

তিনি বলেন, সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের রূপরেখা তৈরি করতে যে সংলাপের কথা বলা হচ্ছে সেটা আসলে সংলাপ নয়, আড়ালে বিএনপি ও তাদের দোসর সাম্প্রদায়িক অপশক্তির গভীর ষড়যন্ত্র।

বৃহস্পতিবার (২৬ মে) সচিবালয়ে নিজ দফতরে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

ক্ষমতায় যেতে বিএনপি অন্ধ চোরাগলি খুঁজে বেড়াচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগ সম্পাদক বলেন, বিএনপি দেশকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকার করার অপচেষ্টায় লিপ্ত আছে। বিএনপি এবং তাদের দোসরদের যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দেশের মানুষ প্রস্তুত আছে।

বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বিএনপি নেতাদের ঐক্য করা প্রসঙ্গে কাদের বলেন, তারা নির্বাচন এলেই বিভিন্ন দলের নেতাদের নিয়ে ঐক্য করে। দেশের জনগণ দেখেছে সেসব ঐক্য কাগজেই সীমাবদ্ধ ছিল। জনগণ এর কোনো ফল পায়নি।

দুঃশাসন, অন্যায়-অত্যাচার আর নির্যাতন নাকি বাংলাদেশকে গ্রাস করেছে, বিএনপি মহাসচিবের এমন কাল্পনিক অভিযোগের জবাবে তিনি বলেন, দুঃশাসনের কথা যখন বিএনপি বলে তখন দেশের মানুষ হাসে। দুঃশাসন বলতে যা বোঝায় সেটা বিএনপির আমলেরই রেকর্ড। বিএনপি নেতাদের দুঃশাসনের কথা বলার আগে আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত।