আওয়ামী লীগের মূল শক্তি জনগণ : হানিফ

প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, মে ২৫, ২০২২

আওয়ামী লীগের মূল শক্তি জনগণ : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, আওয়ামী লীগের মূল শক্তি ক্ষমতা নয়, জনগণ।

বুধবার (২৫ মে) দুপুরে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ অভিযান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেছেন, সংগঠনকে নতুন করে সাজানো হচ্ছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। বাংলাদেশকে দরিদ্র দেশ থেকে উন্নত রাষ্ট্রে পরিণত করেছে আওয়ামী লীগ সরকার। দেশের সব উন্নয়নের সঙ্গে আওয়ামী লীগ জড়িত। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বাংলাদেশ আগামী ৩১ সালের মধ্যম আয়ের রাষ্ট্রে উন্নীত হবে।

সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে বিএনপি বাধা দিতে প্রস্তুত থাকে বলে মন্তব্য করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ১২ বছরে ১২ বার আন্দোলন সংগ্রাম হয়েছে। বিএনপি-জামায়াত দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা করেছে। সব বাধা মোকাবিলা করে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।

বিএনপি বার বার মিথ্যাচার করেছে। এ দলটি দেশের উন্নয়ন চায় না। বেগম খালেদা জিয়া জিএসপি সুবিধা বাতিলের জন্য চিঠি দিয়েছিলেন। ২০২০ সালে বিএনপি র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার জন্য লবিস্ট নিয়োগ করেছিল।

মঙ্গলবার ঢাকায় ছাত্রদল-ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় বিএনপিকে দায়ী করে তিনি বলেন, সরকারের বিরুদ্ধে প্রতিদিন প্রেসক্লাবে বিএনপি মিথ্যাচার করছে। সেখানে মাননীয় প্রধানমন্ত্রীকে অসম্মান করে বক্তব্য দেওয়া হয়।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাবেক চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীনের সঞ্চালনায় মঞ্চে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন প্রমুখ।