রেলমন্ত্রীর আশ্বাসে রেলের ধর্মঘট প্রত্যাহার

প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২২

রেলমন্ত্রীর আশ্বাসে রেলের ধর্মঘট প্রত্যাহার

রানিং স্টাফদের পেনশন থেকে মাইলেজ ভাতা বাদ দেওয়ার সিদ্ধান্ত সংক্রান্ত অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। এর ফলে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন রেলের রানিং স্টাফরা।

বুধবার (১৩ এপ্রিল) দুপুরে কমলাপুর রেলস্টেশনে রানিং স্টাফদের সঙ্গে আলোচনার পর এ তথ্য জানান মন্ত্রী।

রেলমন্ত্রী বলেন, আমরা রেলের রানিং স্টাফদের দাবির সঙ্গে একমত। তাদের দাবি আদায়ে আমরা অর্থ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছি। কিন্তু গত ১০ এপ্রিল বেসমারিক কর্মচারীদের পেনশন ও আনুতোষিক হিসাবের ক্ষেত্রে মূল বেতনের সঙ্গে কোনো ভাতা যোগ করার সুযোগ নেই বিধায় রেলওয়ের রানিং স্টাফদের মূল বেতনের সঙ্গে ‘রানিং ভাতা’পেনশন ও আনুতোষিক সুবিধা প্রদানের প্রস্তাবে নির্দেশক্রমে পুনরায় অর্থ বিভাগের অসম্মতি জানিয়েছে।

তিনি আরও বলেন, অর্থ মন্ত্রণালয়ের এমন ঘোষণায় রানিং স্টাফরা কর্মবিরতিতে গেছেন। এতে রেলে অচলাবস্থা তৈরি হয়েছে বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কথা হয়েছে। তারা এই অফিসিয়াল আদেশ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। ফলে বিষয়টি নিয়ে ফের অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার সুযোগ রয়েছে।

মন্ত্রী বলেন, আগামী ১৯ এপ্রিল রেলের এ সমস্যা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের শিডিউল রয়েছে। আশা করি তিনি রেলের সমস্যাগুলো সমাধানে সহযোগিতা করবেন। তাই এখন থেকে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে চালকদের প্রতি আহ্বান জানান।

এ সময় রেলওয়ের রানিং স্টাফ (চালক-গার্ড) ও শ্রমিক-কর্মচারী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে চালকদের আহ্বান জানান।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট