২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২২
ইউক্রেনের সেনাবাহিনীর হামলায় রাশিয়ার সামরিক বাহিনীর এক শীর্ষ জেনারেলের প্রাণহানি ঘটেছে। নিহত ওই রুশ সামরিক কর্মকর্তার নাম মেজর জেনারেল আন্দ্রেই সুখভেতস্কি। গত মঙ্গলবার ইউক্রেনের সামরিক বাহিনীর হামলায় তিনি প্রাণ হারান।
ইউক্রেনে চলমান রুশ সামরিক অভিযানের সপ্তাহখানেকের মাথায় রাশিয়ার জেনারেলের মৃত্যুর তথ্যটি মিডিয়ার মাধ্যমে প্রকাশ্যে এলো। ইউক্রেনের কর্মকর্তা ও রুশ মিডিয়ার বরাতে বৃহস্পতিবার (৩ মার্চ) প্রতিবেদন প্রকাশের মাধ্যমে তথ্যটি জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ এবং ব্রিটিশ মিডিয়া দ্য গার্ডিয়ান।
ফক্স নিউজ বলছে, ৪৭ বছর বয়সী মেজর জেনারেল আন্দ্রেই সুখভেতস্কির মৃত্যুর সময়কার পরিস্থিতি তাৎক্ষণিকভাবে জানা যায়নি। যদিও ক্রেমলিন সমর্থিত রুশ মিডিয়া প্রাভদা জানিয়েছে, তিনি ‘ইউক্রেনে একটি বিশেষ অভিযানের সময়’ প্রাণ হারিয়েছেন।
এ দিকে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস বলছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বছর সেনাবাহিনীর সেন্ট্রাল মিলিটারি ডিসট্রিক্টের ৪১তম কম্বাইন্ড আর্মস আর্মির ডেপুটি কমান্ডার হিসেবে মেজর জেনারেল আন্দ্রেই সুখভেতস্কিকে নিয়োগ করেছিলেন। এছাড়াও জেনারেল সুখভেতস্কি সপ্তম এয়ারবোর্ন ডিভিশনের প্রধান হিসেবেও দায়িত্বপালন করছিলেন।
আরও পড়ুন : কিয়েভ উপকণ্ঠে রুশ বহর ঠেকাতে প্রস্তুত ১ লাখ ইউক্রেনীয়
অবশ্য রাশিয়ার বাইরে জেনারেল সুখভেতস্কির এটিই প্রথম কোনো অভিযান ছিল না। তাস বলছে, মেজর জেনারেল আন্দ্রেই সুখভেতস্কি সিরিয়ায় কাজ করেছেন এবং সাহসিকতার জন্য রাশিয়ান প্রেসিডেন্টের সরকারি বাসভবন ক্রেমলিনের পক্ষ থেকে দুই দফায় পুরস্কারে ভূষিত হয়েছেন।
ইউক্রেনের অবকাঠামো বিষয়ক সাবেক মন্ত্রী ভলোদিমির অমেলিয়ান বৃহস্পতিবার ফক্স নিউজকে জানান, সত্য হচ্ছে, আমরা তাকে (মেজর জেনারেল আন্দ্রেই সুখভেতস্কি) হত্যা করেছি। ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর দেশটির সাবেক এই মন্ত্রী হাতে অস্ত্র তুলে নিয়েছেন। এরপর তিনি কিয়েভের মিলিশিয়াদের সঙ্গে যোগ দিয়েছেন।
অবশ্য যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ এক প্রতিরক্ষা কর্মকর্তার দাবি- ইউক্রেনে সেনা অভিযান চালাতে গিয়ে রাশিয়ার অন্যতম শীর্ষ এই সামরিক কর্মকর্তার নিহত হওয়ার বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি ওয়াশিংটন।
যদিও একাধিক প্রতিবেদনে রাশিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ভিকন্টাক্টে’-র একটি পোস্টের উদ্ধৃতি দেওয়া হয়েছে। ওই পোস্টে সের্গেই চিপিলেভ নামে রুশ সামরিক কর্মকর্তাদের এক সদস্য জেনারেল সুখভেতস্কির নিহত হওয়ার তথ্য উল্লেখ করেছেন বলে দাবি করা হয়েছে।
ইংরেজি ভাষার রুশ সংবাদমাধ্যম প্রাভডা.আরইউ-তে প্রকাশিত একটি অনুবাদে বলা হয়, সের্গেই চিপিলেভ লিখেছেন, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, ইউক্রেনের ভূখণ্ডে বিশেষ অভিযান পরিচালনার সময় আমাদের বন্ধু মেজর জেনারেল আন্দ্রেই সুখভেতস্কি প্রাণ হারিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। আমরা তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
এ দিকে জেনারেল সুখভেতস্কির নিহত হওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক কর্মকর্তা এবং স্টেশন চিফ ড্যান হফম্যান বলেন, ঘটনাটি যদি সত্যি হয়ে থাকে, তবে এটি বিরাট বড় একটি খবর।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোররাতে ইউক্রেনের ভূখণ্ডে ঢুকে আক্রমণ শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে। একসঙ্গে তিন দিক দিয়ে হওয়া এই হামলায় ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র পড়েছে বৃষ্টির মতো।
সর্বাত্মক আগ্রাসন শুরুর পর এই এক সপ্তাহেই পূর্ব ইউরোপের এই দেশটির বহু শহর কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সামরিক অবকাঠামোর বাইরে রাশিয়ার হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে আবাসিক ভবন, স্কুল ও হাসপাতাল। আর তাই জীবন বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছেন ১০ লাখেরও বেশি ইউক্রেনীয়।
ইউক্রেনে রুশ এই সামরিক উপস্থিতিকে মস্কো হামলা বা যুদ্ধ না বলে শুরু থেকে ‘বিশেষ অভিযান’ বলে দাবি করে আসছে। যদিও রুশ সেনারা ইউক্রেনের সামরিক-বেসামরিক স্থাপনাগুলোতে হামলা করছে বলে অভিযোগ রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D