|
প্রকাশিত: ১২:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২২
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষকদের মধ্যে সর্বাধিক সংখ্যক প্রকাশনার জন্য ‘আবু জাফর শামসুদ্দিন ও আয়েশা আখতার খাতুন মেমোরিয়াল ট্রাস্ট’ সম্মাননা পেয়েছেন ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. শাহেদুর রশীদ।
সোমবার (১৪ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সেমিনার কক্ষে এই সম্মাননা প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত শিক্ষকদের গবেষণাপত্র মূল্যায়ন সাপেক্ষে এ সম্মাননা প্রদান করেছে ‘আবু জাফর শামসুদ্দিন ও আয়েশা আখতার খাতুন মেমোরিয়াল ট্রাস্ট’।
এ বিষয়ে অধ্যাপক দারা শামসুদ্দিন বলেন, ‘প্রতিবছর সমাজবিজ্ঞান এবং কলা ও মানবিক অনুষদে পালাক্রমে এই সম্মাননা দেয়া হবে। সর্বোচ্চ প্রকাশনা ও মানের ওপরে এই মূল্যায়ন করা হবে। এ সম্মাননা নিঃসন্দেহে সকল শিক্ষককে গবেষণার কাজে অনুপ্রাণিত করবে।’
অধ্যাপক ড. শাহেদুর রশীদ বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয়, অধ্যাপক দারা শামসুদ্দিন স্যার, আবু জাফর শামসুদ্দিন ও আয়েশা আক্তার খাতুন ট্রাস্ট, সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন ড. আকবর হোসেন ও এর সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন করছি। এই সম্মাননা শুধু আমার নয় বরং সকল শিক্ষকের। ভবিষ্যতে সকল গবেষণার ক্ষেত্রে এই সম্মাননা আমার জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।”
প্রসঙ্গত, অধ্যাপক ড. মো. শাহেদুর রশিদ জাবির ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে ১৯৮৯ সালে স্নাতক ও ১৯৯০ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি যুক্তরাজ্যের ডুরহাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৯৩ সালে তিনি জাবির ভূগোল ও পরিবেশ বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং ২০০৫ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় জার্নালে তার ১৫০টির বেশি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট, বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত), সিন্ডিকেট সদস্য, সিনেটর, জাবি শিক্ষক সমিতির ইসি সদস্য, আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেছেন। ২০০৯ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশের বঙ্গোপসাগরের সামুদ্রিক সীমানা নির্ধারণের জন্য ইউএনসিএলওএস টিমের অন্যতম প্রধান বিশেষজ্ঞ হিসেবেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মনোনীত করেছিলেন। তিনি মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন সংস্থার পাশাপাশি পরিকল্পনা মন্ত্রণালয়ের বিবিএস-এ জিআইএস এবং রিমোট সেন্সিং বিশেষজ্ঞ হিসেবেও কাজ করছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D