শাবির প্রক্টর আলমগীর কবিরকে অব্যাহতি

প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২২

শাবির প্রক্টর আলমগীর কবিরকে অব্যাহতি

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির মুখে এবার সরিয়ে দেওয়া হলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি (শাবি) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলমগীর কবিরকে।

এই পদে দায়িত্ব দেয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক ইশরাত ইবনে ইসমাইলকে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে সই করেছেন রেজিস্ট্রার ইসফাকুল হোসেন।

তবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যক্তিগত ও পারিবারিক কারণে প্রক্টরের পদ থেকে আলমগীর কবিরকে অব্যাহতি দেয়া হয়েছে।

এরআগে গেল রোববার ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক পদ থেকে অধ্যাপক জহির উদ্দিন আহমদকে সরিয়ে দেয়া হয়।

শাবি উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। ভিসির পাশপাশি ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক এবং প্রক্টরের পদত্যাগের দাবিও তোলেন তারা। এই দুজনকে সরিয়ে দেয়া হলেও শিক্ষার্থীদের প্রধান দাবি এখনও পূরণ হয়নি। এ নিয়ে তাদের মধ্যে হতাশা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।