১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২১
বর্তমান সরকার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পৃথিবী থেকে সরিয়ে দেয়ার গভীর চক্রান্তের মধ্যে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
সোমবার বেলা ১১টার দিকে শেরে বাংলা নগরে জাসাসের নবগঠিত কমিটির সঙ্গে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠনের জন্য সংলাপের কথা বলেন, কিসের সংলাপ। কী নির্বাচন কমিশন গঠন করবেন? এই নির্বাচন কমিশন তো আপনারাই গঠন করেছিলেন। যার প্রতিফলন দেখছি, জনপদের পর জনপদ, বিভিন্ন ইউনিয়নে রক্ত ঝড়ছে। গতকালও (রোববার) তিনজন নিহত হয়েছেন। এই হচ্ছে তাদের চালচিত্র।
তিনি বলেন, আজকে ক্ষমতার লোভে এতটাই মত্ত, বিনা ভোটে চেয়ারম্যান হওয়ার জন্য ভোটার ছাড়া তারা নিজেরা নিজেরা খুনোখুনি করছে। সুতরাং বিদায় বেলায়ও হুদা নির্বাচন কমিশন যে দৃষ্টান্ত দেখালেন, সেখানেও রক্ত এবং মানুষের লাশ।
রিজভী বলেন, রাষ্ট্রপতি যে সংলাপ করছেন, তার উদ্দেশ্যই হচ্ছে আর একটি হুদা মার্কা নির্বাচন, আর একটি রকিব মার্কা নির্বাচন, বিনা ভোটে প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন করে রাষ্ট্রক্ষমতায় থাকা।
তিনি বলেন, এ দেশের জনগণ আর তাকিয়ে দেখবে না। হাত গুটিয়ে বসে থাকবে না। এ দেশের সব নাগরিক সমাজ, পেশাজীবী, সাংস্কৃতিক সংগঠন, আজকে রুখে দাঁড়িয়েছে। তাদের কণ্ঠের প্রদীপ্ত আওয়াজে রাজপথে ঝাঁপিয়ে পড়ার দৃঢ় অঙ্গীকার জানিয়েছেন।
জাসাস নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, আমাদেরকে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। গণতন্ত্রের যিনি প্রতীক তাকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আর দেশে যে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে, কথা বলতে ভয় লাগে, চলাচল করতে ভয় লাগে, বিরোধী রাজনৈতিক কর্মকাণ্ড করতে যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। সেখান থেকে নির্ভয়ে সুস্থ বাতাস প্রবাহিত করার জন্য এই সরকারের পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য, নিরপেক্ষ লোক দিয়ে নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের মধ্যে দিয়ে যে সরকার আসবে, সেই সরকারকে সবাই সমর্থন করবে। সেই ব্যবস্থার সংগ্রামে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি’র সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক আশরাফ উদ্দিন উজ্জল, জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান, সদস্য সচিব জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক ইথুন বাবু, আনিসুর রহমান সানি, লিয়াকত আলী, মোঃ আহসান উল্লাহ চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য, গত ৬ নভেম্বর চিত্রনায়ক হেলাল খানকে আহ্বায়ক ও জাকির হোসেনকে সদস্য সচিব করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ৭১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D