১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২১
চতুর্থ ধাপে ৮৩৮টি ইউনিয়ন পরিষদে (ইউপি) সাধারণ, বিভিন্ন ইউপিতে উপনির্বাচন ও বিভিন্ন উপজেলায় শূন্য পদে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
গত ২৩ ডিসেম্বর এই ভোট হওয়ার কথা ছিল। সেই তারিখ পরিবর্তন করে ২৬ ডিসেম্বর ভোটের নতুন তারিখ নির্ধারণ করে নির্বাচন কমিশন। মূলত, এইচএসসি পরীক্ষা থাকায় ও শিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধে এ তারিখ পেছানো হয়েছে।
ইসি জানায়, চতুর্থ ধাপে ৩৮টি ইউনিয়ন পরিষদ ও তিন পৌরসভার ভোটগ্রহণ ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে অনুষ্ঠিত হবে। ইভিএম এ ভোটগ্রহণের লক্ষ্যে বিশেষ পরিপত্রও জারি করেছে ইসি। একইসাথে নির্বাচনের সার্বিক পরিস্থিতি মনিটরিং করার লক্ষ্যে মনিটরিং সেল গঠন করা হয়েছে।
ইসির তথ্যানুযায়ী, চতুর্থ ধাপে ইউপি ভোটে চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য এ তিন পদে মোট ৪৬ হাজার ৫৭২টি মনোনয়ন জমা দিয়েছিলেন। রাজনৈতিক দলসহ চেয়ারম্যান পদে মোট ৪ হাজার ৯১৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে স্বতন্ত্র হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন তিন হাজার ৫৪৬ জন। সংরক্ষিত নারী সদস্য পদে নয় হাজার ৮৫০ জন এবং সাধারণ সদস্য পদে ৩১ হাজার ৮০৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে চেয়ারম্যান পদে তিন হাজার ৮১৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে নয় হাজার ৫১৩ জন এবং সাধারণ সদস্য পদে ৩০ হাজার ১০৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
ইসির প্রতিবেদনে বলা হয়েছে, চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৪৮ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১২ জন এবং সাধারণ সদস্য পদে ১৩৫ জন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এই ধাপে মোট ২৯৫ জন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ১৬টি রাজনৈতিক দল এই ধাপে প্রার্থী দিয়েছে। তবে স্বতন্ত্র প্রার্থী সংখ্যা তিন-চতুর্থাংশ। এর আগে তৃতীয় ধাপে ৫৬৯ জন, দ্বিতীয় ধাপে ৩৬০ জন এবং প্রথম ধাপে ১৩৮ জন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এদিকে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪৮ চেয়ারম্যানসহ ২৯৫ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ৪৮ জন চেয়ারম্যানের বাইরেও ১৩৫ জন সাধারণ সদস্য ও ১১২ জন সংরক্ষিত ওয়ার্ডে নারী সদস্য রয়েছেন। এখন শুধু এদের নামে গেজেট প্রকাশ করে বিজয়ী ঘোষণার আনুষ্ঠানিকতা বাকি।
ইসি সূত্রে জানা যায়, চার ধাপের ইউপি নির্বাচনে এক হাজার ৩৫৯ জন প্রার্থী বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। প্রথম ধাপে ১৩৮ জন, দ্বিতীয় ধাপে ৩৫৭ জন, তৃতীয় ধাপে ৫৬৯ জন জন এবং চতুর্থ ধাপে ২৯৫ জন জনপ্রতিনিধি ভোট ছাড়াই নির্বাচিত হয়েছেন।
এরআগে গত ১০ নভেম্বর রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে চতুর্থ ধাপের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ২৫ নভেম্বর, মনোনয়ন বাছাই ২৯ নভেম্বর এবং প্রত্যাহার ৬ ডিসেম্বর। আর নির্বাচন অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর। অন্যদিকে পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি ৭০৭টি এবং ষষ্ঠ ধাপে ৩১ জানুয়ারি ২১৯টি ইউপিতে ভোটগ্রহণ হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D