বিকালে প্রকাশ হতে পারে এসএসসির রুটিন

প্রকাশিত: ১১:৫৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২১

বিকালে প্রকাশ হতে পারে এসএসসির রুটিন


চূড়ান্ত করা হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষার রুটিন। আগামী নভেম্বরের ১৫ তারিখ থেকে এ পরীক্ষা শুরু করতে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন চেয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। অনুমোদন পেলে রবিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে সেটি প্রকাশ করা হতে পারে।

এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, নভেম্বরের মাঝামাঝি এসএসসি পরীক্ষা শুরু করতে আমরা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছি। অনুমোদন পেলে আজকেই রুটিন প্রকাশ করা হতে পারে।

আজ দুপুরের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়া গেলে বিকেলের মধ্যে এসএসসি পরীক্ষার রুটিন সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করার প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি।

অন্য দিকে, আগামী ১৪ নভেম্বরে শুরু হবে চলতি বছরের দাখিল পরীক্ষা। ইতোমধ্যে সে পরীক্ষার সময়সূচী প্রকাশ করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।

উল্লেখ্য, প্রতি বছর ১ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা হয়ে থাকে। তবে এবার করোনা সংক্রমণের কারণে তা পিছিয়ে নভেম্বরে সংক্ষিপ্ত সিলেবাসে ও মাত্র তিনটি নৈর্বচনিক বিষয়ে পরীক্ষা নেওয়া হবে।