১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, জুন ১৫, ২০২১
বৈশ্বিক দুর্যোগ করোনা ভাইরাসের সংক্রমণ তাণ্ডবের মাঝে চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় বড় এই দুই পাবলিক পরীক্ষা নিয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারছে না সরকার। এরই মধ্যে ভাইরাসের সংক্রমণ তাণ্ডবের কারণে গত বছর এইচএসসি পরীক্ষার্থীদের অটোপাস দেওয়া হয়েছে।
তবে মহামারির মাঝে এ বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষা হবে কিনা, সেটি নিয়ে নানা মহলে আলোচনাও চলছে। এমতাবস্থায় করোনা পরিস্থিতি দেখে তা বিবেচনার পর এবারের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
মঙ্গলবার (১৫ জুন) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঢাকার কেরানীগঞ্জের জাজিরা মোহাম্মদিয়া আলিয়া মাদরাসায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা জানান।
এর আগে গত রবিবার (১৩ জুন) শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া সম্ভব না হলে বিকল্প ব্যবস্থার চিন্তাভাবনা চলছে।
তিনি বলেন, ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য আমরা চেষ্টা করছি সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়ার। এখন সেটিও যদি না হয়, আমরা তার বিকল্প নিয়েও চিন্তা করছি। কিন্তু এখন পরীক্ষা আমরা নিতে পারব কি-না, পরীক্ষা নিতে না পারলে বিকল্প কোনো ব্যবস্থা থাকলে- তার সবকিছু নিয়েই কিন্তু আমাদের চিন্তা-ভাবনা আছে।
শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, জুলাই থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলা গেলে সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ সংক্ষিপ্ত সিলেবাসের ওপরই পরীক্ষা নেওয়া সম্ভব। তবে যদি ছুটি বাড়ানো হয় তাহলে বিকল্প চিন্তা হিসেবে অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন করার প্রস্তুতি শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে শিক্ষার্থীরা কতটুকু শিখেছে তার একটা মূল্যায়ন করে গ্রেড দেওয়া যাবে। এ ক্ষেত্রে আগের জেএসসি ও নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফলকে আমলে নেওয়া হতে পারে।
গত বছরের মার্চে সংক্রমণ দেখা দেওয়ার আগেই এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হয়েছিল। কিন্তু এইচএসসি পরীক্ষার্থীরা আটকে যান। ছুটির সময় কোনো পাবলিক পরীক্ষা হয়নি। আর উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের মূল্যায়ন ফল প্রকাশ করা হয় তাদের এসএসসি ও জেএসসির ফলের গড় করে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D