স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন রনি, রাজন ও আইনুদ্দিন

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২০

স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন রনি, রাজন ও আইনুদ্দিন

সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে নববধূকে গণধর্ষণের মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন আরও ছাত্রলীগ নেতা মাহাবুবুর রহমান রনি, রাজন মিয়া ও আইনুদ্দিন।

৫ দিনের রিমান্ড শেষ হওয়ায় শনিবার দুপুর ১টায় তাদের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জিয়াদুর রহমানের আদালতে হাজির করা হয়।

তারা ১৬৪ ধারায় জবানবন্দি দেয়ার ইচ্ছা প্রকাশ করলে আদালত তাদের প্রত্যেককে সময় দেন। এরপর একেক জনকে আলাদাভাবে আদালতে নেয়া হয়।

অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রাজনের, অন্যদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান ও শারমিন খানম নিলার আদালতে জবানবন্দি রেকর্ড করা হচ্ছে।

সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) অমূল্য ভূষণ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার মামলার প্রধান আসামি সাইফুর এবং অন্য দুই আসামি অর্জুন লস্কর ও রবিউল আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। তারা দোষ স্বীকারও করেছে।

প্রসঙ্গত, গত শুক্রবার এমসি কলেজে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হন এক তরুণী। রাত সাড়ে ৮টার দিকে স্বামীর কাছ থেকে ওই তরুণীকে জোর করে তুলে নিয়ে ছাত্রাবাসে ধর্ষণ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় কলেজের সামনে তার স্বামীকে বেঁধে রাখা হয়।

এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে শাহপরান থানায় মামলা করেন। মামলায় ছাত্রলীগের ছয় নেতাকর্মীসহ অজ্ঞাত আরও তিনজনকে আসামি করা হয়।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট