১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, জুন ৪, ২০২০
সিলেটের অন্যতম পর্যটন স্পট জাফলংয়ের ছৈলাখেল তৃতীয় খন্ড এলাকায় অপদখল থেকে উদ্ধার করা ৯ হেক্টর ভূমিতে বন সৃজনের উদ্যোগ নিয়েছে বন বিভাগ। ওই ভূমিতে সব মিলিয়ে ২৫ হাজার গাছ লাগানো হবে। বুধবার বন সৃজন কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী দিনে বিভিন্ন প্রজাতির ৫শ’ গাছ লাগানো হয়। এর মধ্যে শোভাবর্ধনকারী জারুল, শিমুল, কৃষ্ণচূড়া, পলাশ, রাধাাচূড়া ও আকাশমনি গাছ। বনবিভাগের সারি রেঞ্জের রেঞ্জ অফিসার সাদ উদ্দিন আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুস সাকিব আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় সদর সিলেট-এর সহকারী বন সংরক্ষক এজিএম আবু বকর, পূর্ব জাফলং ইউনিয়নের চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু এবং আওয়ামী লীগ নেতা শামছুল ইসলাম উপস্থিত ছিলেন।
বন বিভাগ কর্মকর্তা সাদ উদ্দিন জানান, ২০১৯ সালের অক্টোবরে টাস্কফোর্স অভিযান চালিয়ে এ ভূমি উদ্ধার করে। এরপর এ ভূমিতে বনভূমি সৃজনের উদ্যোগ নেয়া হয়। তিনি জানান, উদ্বোধনী দিনে প্রায় ৩/৪ শ’ গাছের চারা রোপন করা হয়েছে। পর্যায়ক্রমে এ ভূমিতে ২৫ হাজার গাছের চারা রোপন করা হবে।
প্রসঙ্গত, সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্তঘেঁষা পর্যটন এলাকাগুলোর মধ্যে একটি হচ্ছে জাফলং। সিলেট জেলা সদর থেকে এর দূরত্ব ৫৮ কিলোমিটার। জাফলংয়ের পর্যটক আকর্ষণের অন্যতম হচ্ছে বল্লাঘাট জিরো পয়েন্ট। ভারতের পাহাড় থেকে নেমে আসা ডাউকি নদী ও বাংলাদেশের পিয়াইন নদীর সংযোগস্থলের সৌন্দর্য অবলোকনে এ জিরো পয়েন্ট এলাকায় ভীড় করেন পর্যটকরা। এই পর্যটন সংলগ্ন এলাকায়ই সৃজন করা হচ্ছে বন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D