১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, জুন ১, ২০২০
সিলেটের ৬টি হাসপাতাল ঘুরে চিকিৎসা না প্রাপ্তির ঘটনাকে অনাকাঙ্খিত বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য বিভাগ সিলেট-এর পরিচালক ডাঃ সুলতানা রাজিয়া। তিনি বলেন, প্রতিটি হাসপাতালে সাধারণ রোগীদের চিকিৎসা দেবার নির্দেশনা রয়েছে। কাজেই, রোগী ভর্তির ব্যাপারে বেসরকারি হাসপাতালসমূহের কোনভাবেই অনীহা দেখানো ঠিক নয়। তিনি ভুক্তভোগী পরিবারের সদস্যদের তার কাছে এ ব্যাপারে অভিযোগ দাখিলের পরামর্শ দেন।
মারা যাওয়া ওই রোগীর নাম মনোয়ার বেগম (৬৩)। তিনি নগরীর কাজিরবাজার মোগলীটুলা এলাকার (বাসা এ/৫) এর লেচু মিয়ার স্ত্রী। রবিবার দিবাগত রাত ১২টা থেকে পৌনে ২টা পর্যন্ত অ্যাম্বুলেন্সযোগে ওই রোগীকে নিয়ে একে একে নগরীর ৬টি বেসরকারি হাসপাতালে যান রোগীর স্বজনেরা। কাকুতি-মিনতি করেও কোন হাসপাতাল তাকে ভর্তি করতে রাজি হয়নি। অবশেষে রাত পৌনে ২টায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে অভিযোগ রোগীর এক স্বজনের।
রোগীর স্বজন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের সভাপতি ও সিলেট নগরীর বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমান রিপন জানান, ওই মহিলা একজন পুরনো অ্যাজমার রোগী। মহিলার প্রবাসী ছেলে তার বন্ধু। রবিবার রাতে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তার প্রবাসী বন্ধু তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার অনুরোধ করেন। রাতে তিনি একটি অ্যাম্বুলেন্স সংগ্রহ করে ওই রোগীকে নিয়ে তিনি একে একে সোবহানীঘাটস্থ আল হারামাইন প্রাইভেট হাসপাতাল লিমিটেড, ওয়েসিস হাসপাতাল, শিশু ক্লিনিক, নর্থ ইস্ট মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, পার্ক ভিউ মেডিকেল কলেজ হাসপাতাল ও জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে যান। কিন্তু, কোন হাসপাতালই তাকে ভর্তি করতে রাজি হয়নি। মা ও শিশু হাসপাতাল কেবল তাদের অক্সিজেন দিয়ে সহযোগিতা করেছে। তবে, প্রাথমিকভাবে রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল রোগীর এক্সরে করে দিয়েছে। রাগীব-রাবেয়ার সেবায় সন্তোষ প্রকাশ করে আব্দুর রহমান রিপন জানান, ওই হাসপাতাল থেকে রোগীর হার্টে সমস্যা রয়েছে জানিয়ে রোগীকে দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়। অ্যাম্বুলেন্সে ঘুরতে ঘুরতে রাত পৌনে ২টার দিকে মহিলাকে নিয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গেলে জরুরী বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সাধারণ রোগাক্রান্ত মহিলাকে এসব হাসপাতাল করোনাভাইরাসে আক্রান্ত মর্মে প্রথমেই সন্দেহ প্রকাশ করেন আব্দুর রহমান রিপন। মানবিক কারণে সকল হাসপাতালে সাধারণ মানুষের চিকিৎসা নিশ্চিতের তাগিদ দেন এ ব্যবসায়ী নেতা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D