মৌলভীবাজারে মনু নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। নৌকাডুবির এই ঘটনায় ৩ ঘণ্টা পর এক জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। উদ্ধার হওয়া ব্যক্তির নাম আবির মিয়া। তিনি সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের ইসলামপুর গ্রামের আবদুল খালিকের ছেলে।
বুধবার রাত সোয়া ১১টা দিকে এক অভিযানে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে রাত ৮টার দিকে মনু ব্যারেজ এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, বুধবার বিকালে ইসলামপুর এলাকার সুহেল মিয়া নৌকা আনতে আবির মিয়াসহ তিনজনকে রাজনগর উপজেলার করাদাই এলাকায় পাঠান।
ফেরার পথে রাত ৮টার দিকে মনু ব্যারেজ এলাকায় নৌকা উল্টে তিনজনই মনু নদীতে পড়ে যান। সাঁতারে দুজন তীরে ওঠেন। তবে আবির সাঁতার না জানায় পানিতে ডুবে মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় ৩ ঘণ্টা অভিযান চালিয়ে আবিরকে মৃত অবস্থায় রাত সোয়া ১১টায় উদ্ধার করে।
মৌলভীবাজার মডেল থানার ওসি আলমগীর হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

