স্বাস্থ্য স্থিতিশীল, মানসিক স্বস্তিতে বেগম খালেদা জিয়া

প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২০

স্বাস্থ্য স্থিতিশীল, মানসিক স্বস্তিতে বেগম খালেদা জিয়া

গুলশানে বাসা ‘ফিরোজা’য় কোয়ারেন্টিনে থাকলেও করোনা পরিস্থিতিতে দেশের ভবিষ্যৎ নিয়ে কিছুটা উদ্বেগ আছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। তবে আত্মীয়স্বজনের সঙ্গে নিয়মিত দেখা হওয়া এবং লন্ডনে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত কথা বলতে পারায় মানসিকভাবে তিনি বেশ স্বস্তিতে আছেন। যদিও তাঁর শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল বলে জানা গেছে।

সরকারের নির্বাহী আদেশে দণ্ড ছয়  মাসের জন্য স্থগিত হওয়ায় গত ২৫ মার্চ কারামুক্ত হয়ে ফিরোজায় ওঠেন খালেদা জিয়া। ওই দিন থেকে ব্যক্তিগত চিকিৎসকদের পরামর্শে তিনি কোয়ারেন্টিনে আছেন। কোয়ারেন্টিনের এক মাস পূর্ণ হবে আগামী ২৫ এপিল। কারামুক্তির শর্ত অনুযায়ী তাঁকে বাসায় বসেই চিকিৎসা নিতে হচ্ছে।

পারিবারিক সূত্রে জানা যায়, বাসায় খালেদা জিয়ার রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা ছাড়াও প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে নিয়মিত। দোতলায় বসে সেগুলো করছেন সার্বক্ষণিক সঙ্গে থাকা সেবিকা সাকিলা বেগম। এ ছাড়া দু-এক দিন পরপরই বাসায় গিয়ে স্বাস্থ্যের খোঁজ নিচ্ছেন ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন ও ডা. মামুন। অন্যদিকে খালেদা জিয়ার চিকিৎসার পুরো বিষয়টি লন্ডনে বসে তদারকি করছেন পুত্রবধূ ডা. জোবাইদা রহমান।

জানা গেছে, জোবাইদা ছাড়াও লন্ডনে অবস্থানরত ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও নাতনি ব্যারিস্টার জাইমা রহমান এবং আরেক ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথি এবং তাঁর দুই মেয়ে জাফিয়া রহমান ও জায়মা রহমানের সঙ্গে খালেদা জিয়া নিয়মিত টেলিফোনে কথা বলে সময় পার করছেন। পারিবারিক সূত্রমতে, একটি নির্দিষ্ট সময় ঠিক করে প্রায়ই ছেলে, পুত্রবধূ এবং নাতনিদের সঙ্গে কথা বলেন খালেদা জিয়া।

এসব বিষয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত বিশেষজ্ঞ চিকিৎসক দলের সদস্য ডা. জাহিদ হোসেন বলেন, ‘ম্যাডামের (খালেদা জিয়া) স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল রয়েছে। উন্নতি হয়নি আবার অবনতিও হয়নি। তবে আত্মীয়দের সান্নিধ্য পাওয়ায় মানসিকভাবে তিনি অবশ্যই আগের তুলনায় কিছুটা স্বস্তিতে রয়েছেন।