২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২০
বর্তমান সরকারের কাছে দেশের মানুষের কোনো মূল্য নেই বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ। তিনি বলেন, দেশে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ও হতাহতের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। কিন্তু এ রোগ প্রতিরোধে সরকার কোনো পদক্ষেপ না নিয়ে শুধু যুক্তিতর্ক এবং টেলিভিশনের বক্তব্যের মধ্যে কার্যকলাপ সীমাবদ্ধ রেখেছে।
এলডিপি সভাপতি বলেন, এখন পর্যন্ত জনগণের স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি জনগণকে দিক নির্দেশনা দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি। তিনি বলেন, শুধু সাবান, এন্টিসেপটিক দিয়ে হাত পরিষ্কার বা মুখে মাস্ক লাগিয়ে এ রোগ থেকে মুক্তি পাওয়া যাবে না।
রবিবার (২২ মার্চ) এলডিপির সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দীন রাজ্জাকের সই করা এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।
করোনা মোকাবিলায় জরুরি ভিত্তিতে বেশ কিছু পদক্ষেপ নিতে সরকারকে পরামর্শ দিয়েছেন অলি আহমদ। সেগুলো হলো-
১. জাতীয় পর্যায়ে টাস্কফোর্স গঠন করা।
২. জেলা পর্যায়ে টাস্কফোর্স গঠন করা।
৩. উপজেলা ও পৌরসভা পর্যায়ে টাস্কফোর্স গঠন করা।
৪. চিকিৎসক এবং স্বাস্থ্য সেবা কাজে নিয়োজিত কর্মীদের প্রশিক্ষণ ও তাদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম এবং করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম জরুরি ভিত্তিতে সাত দিনের মধ্যে ব্যবস্থা করা উচিত ছিল।
৫. দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ, জনগণের মধ্যে শৃঙ্খলা রক্ষা এবং কোয়ারেন্টিন ক্যাম্প নিয়ন্ত্রণের জন্য সশস্ত্র বাহিনীকে দায়িত্ব দেওয়া উচিত ছিল।
৬. বিদেশফেরত বা আসা ব্যক্তিদের বাধ্যতামূলকভাবে ১৪ দিনের কোয়ারেন্টিন নিশ্চিত করা। এতে এ ভাইরাসের বিস্তার রোধ করা সম্ভব হতো। কিন্তু তা যথাসময়ে করা হয়নি।
৭. জনগণকে আশ্বস্ত করার জন্য বিভিন্ন জেলা, উপজেলা এবং পৌর সভায় কোথায় কোথায় কোয়ারেন্টিন ক্যাম্প হবে বা চিকিৎসা সেবা পাওয়া যাবে, তা পরিষ্কারভাবে জনগণকে জানানো। ৩০ দিন পূর্বে সব প্রকার জনসমাবেশস্থল নিয়ন্ত্রণের আওতায় নিয়ে আসা উচিত ছিল।
৮. সংকটকালীন বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান, সংস্থা ও শিল্প কলকারখানাকে সরকারের পক্ষ থেকে আর্থিক প্রণোদনা দেওয়ার পদক্ষেপ গ্রহণ করতে হবে।
৯. বাস, ট্রেন এবং লঞ্চযোগে অতিরিক্ত যাত্রী বহন নিষিদ্ধ করতে হবে। তা নিশ্চিত করার জন্য সামরিক বাহিনীর সদস্যদের দায়িত্ব দিতে হবে এবং কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে।
১০. করোনা ভাইরাসের বিস্তার রোধ করতে হবে। সুতরাং আমাদের সবার উচিত অতি প্রয়োজন ছাড়া নিজ বাসার বাইরে না থাকা। এমনকি ঘরের মধ্যে থাকাকালীনও প্রয়োজনীয় নির্দেশনাবলী পালন করা। প্রয়োজনে জনগণকে ঘরে অবস্থান করার জন্য বাধ্য করতে হবে।
অলি আরও বলেন, এ ধরনের সংকট থেকে উত্তরণের জন্য আমাদের সকলেরই উচিত নিজের কর্মের জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। সব ধরনের অন্যায় কাজ থেকে বিরত থাকা। ইসলাম ধর্ম বিরোধী কার্যক্রম থেকে বিরত থাকা। জাতীয় ঐক্য গড়ে তোলা। বিভিন্ন পর্যায়ে স্বেচ্ছাসেবক সৃষ্টি করা এবং তাদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করা। বর্তমান সরকার অনতিবিলম্বে আমাদের এই পরামর্শগুলো বিবেচনায় নিয়ে অগ্রসর হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D