বিশ্ব মহামারী করোনা ভাইরাসের কারনে সব নির্বাচন স্থগিতের দাবি বিএনপির

প্রকাশিত: ১১:২৩ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২০

বিশ্ব মহামারী করোনা ভাইরাসের কারনে সব নির্বাচন স্থগিতের দাবি বিএনপির

দেশে করোনা ভাইরাসের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন ও পাঁচটি সংসদীয় আসনের উপনির্বাচন আপাতত স্থগিতের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। একইসঙ্গে দেশের আদালতসমূহ যতদিন প্রয়োজন বন্ধ রাখার দাবিও জানিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দাবি জানান।

ফখরুল বলেন, নির্বাচন কমিশন (ইসি) বলছে, ২১ মার্চ যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা সেটা হবেই। আর ২৯ মার্চের নির্বাচনের ব্যাপারে ২১ তারিখ সিদ্ধান্ত জানানো হবে। আমরা এই সিদ্ধান্তকে একেবারেই একপেশে মনে করি এবং দুর্যোগের সময় জনগণের সঙ্গে ইসি অমানবিক আচরণ করছে।

বিএনপি মহাসচিব বলেন, আমরা ইসিকে আহ্বান জানাচ্ছি, দেশের জনগণের স্বার্থে কমিশন তাদের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেবেন এবং মানুষের বেঁচে থাকার স্বার্থে নির্বাচন আপাতত স্থগিত রাখবেন। পরবর্তীকালে দুর্যোগ কেটে গেলে নির্বাচনের তারিখ ঘোষণা করা যেতে পারে।

মির্জা ফখরুল বলেন, এমনিতে আট থেকে নয় শতাংশের বেশি ভোটার আসবে না। সেক্ষেত্রে করোনার কারণে কত শতাংশ ভোটার আসবে, সেটা আমরা সবাই অনুমান করতে পারি।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, শনিবার (২১ মার্চ) গাইবান্ধা-৩, বাগেরহাট-৪ ও ঢাকা-১০ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আর চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন এবং বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচন আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, ইতোমধ্যে ৩০ বিচারক কোয়ারেন্টাইনে আছেন। যদি বিচারকরা কোয়ারেন্টাইনে যান, সেখানে এটা পরিষ্কার আদালতে করোনা ভাইরাসের সংক্রমণ বেশি হচ্ছে। তাই এমন পরিস্থিতি বিবেচনা করে, জনগণের স্বাস্থ্যঝুঁকির কথা চিন্তা করে আদালতগুলো আপাতত কিছু দিন হলেও বন্ধ রাখা প্রয়োজন। আমরা আশা করব, সুপ্রিম কোর্টের বিচারকরা দেশের কথা, জনগণের কথা চিন্তা করে দ্রুত সিদ্ধান্ত নেবেন।

বিএনপির এই নেতা অভিযোগ করেন, করোনা ভাইরাস (কোভিড-১৯) চিকিৎসায় বিশেষ হাসপাতাল নির্ধারণ, করোনা রোগী শনাক্তসহ ডাক্তার-নার্সদের প্রয়োজনীয় পোশাক ও যন্ত্রপাতি কোনো কিছুর ব্যবস্থাই সরকার করতে পারেননি।

এ সময় উপস্থিত ছিলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও গয়েশ্বর চন্দ্র রায়।