মানুষের মনে শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত খোন্দকার দেলোয়ার

প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২০

মানুষের মনে শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত খোন্দকার দেলোয়ার

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আইনি পেশার পাশাপাশি খোন্দকার দেলোয়ার হোসেন একজন দৃঢ়চেতা, আদর্শনিষ্ঠ রাজনীতিবিদ হিসেবে দেশের মানুষের মনে শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত থাকবেন। দৃঢ়তা, অটুট মনোবল, সরল ও অনাড়ম্বর জীবন-যাপন এবং প্রখর ব্যক্তিত্বে তিনি ছিলেন অনন্য উচ্চতার একজন ব্যতিক্রমী রাজনীতিবিদ।

তিনি বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধিকার, স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের মুক্তির সকল সংগ্রামে তিনি রেখেছেন অসামান্য অবদান।

বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলটির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বাণীতে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল আরও বলেন, ১/১১-তে দেশের এক চরম রাজনৈতিক সংকটকালে বিএনপি মহাসচিবের দায়িত্ব কাঁধে নিয়ে খোন্দকার দেলোয়ার হোসেন দেশ ও দলের বিরুদ্ধে চক্রান্ত রুখে দিতে যোগ্য নেতৃত্ব দিয়েছিলেন।