২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৯ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২০
ভারতের নয়াদিল্লিতে মুসলমানদের ওপর সহিংস আক্রমণ, হত্যার প্রতিবাদে ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেন বাংলাদেশে না আসেন সেই দাবিতে বিক্ষোভ মিছিল বের করে ইসলামি দলগুলো।
শুক্রবার (৬ মার্চ) জুমার নামাজ শেষে হেফাজতে ইসলামের নেতৃত্বে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এই বিক্ষোভ প্রদর্শন করে ইসলামি সমমনা দলগুলো।
বিশাল এই বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির আল্লামা নুর হোসেন কাশেমী।
এই মিছিলটি বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে শুরু হয়ে নয়াপল্টন মোড় হয়ে পল্টনে এসে শেষ হয়। ‘ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান’-এ রকম বিভিন্ন স্লোগান দেয় বিক্ষোভকারীরা।
এর আগে, বুধবার (৪ মার্চ) ঢাকায় একই দাবিতে বিক্ষোভ মিছিল করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। যার নেতৃত্ব দেন চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
প্রসঙ্গত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে ১৭ মার্চ ঢাকায় আসার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দিল্লিতে সাম্প্রদায়িক ঘটনার পর তিনি যেন বাংলাদেশে না আসেন সেই দাবি জানিয়েছে দেশের ইসলামি দল ছাড়াও ডাকসু ভিপি নুরুল হক নুরুর নেতৃত্বাধীন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।
এদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষের অনুষ্ঠানে যোগ দিতে ১৭ মার্চ ঢাকা সফরের সূচি চূড়ান্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার (৫ মার্চ) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার বলেন, পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D