২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২০
উচ্চ আদালতে খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানির আগের দিন জ্যেষ্ঠ আইনজীবীদের সাথে বৈঠক করলেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা। বুধবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু বৈঠকে ছিলেন।
অপরদিকে অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট জয়নাল আবেদীন ও ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনসহ অন্য আইনজীবীরা বৈঠকে উপস্থিত ছিলেন।
গত সপ্তাহে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কেএম জহিরুল হকের হাই কোর্ট বেঞ্চে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদার জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা। গত সোমবার আদালত ওই আবেদনের শুনানি নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল কর্তৃপক্ষকে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে প্রতিবেদন বুধবার বিকাল ৫টার মধ্যে দেওয়ার নির্দেশ দেয়।
হাসপাতাল কর্তৃপক্ষ দুপুরেই খালেদা জিয়ার শারীরিক সর্বশেষ অবস্থাসহ স্বাস্থ্য প্রতিবেদনটি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দিয়েছে।
বৈঠকের পর বিএনপির পক্ষ থেকে কোনো নেতা আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের কিছু বলেননি। তবে এই মামলা নিয়েই আলোচনা হয়েছে বলে একাধিক নেতা জানান। স্কাইপের মাধ্যমে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই বৈঠকে সভাপতিত্ব করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D