বিএনপি আদালতে না গিয়ে রাস্তায় আন্দোলন করতে চায় : সিলেটে আহমদ হোসেন

প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০১৯

বিএনপি আদালতে না গিয়ে রাস্তায় আন্দোলন করতে চায় : সিলেটে আহমদ হোসেন

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেছেন, ‘বিএনপি অন্ধকারে বাস করছে। তাদের নেত্রী দুর্নীতি মামলায় জেলে রয়েছেন। মামলার বিষয়ে আদালতে না গিয়ে রাজপথে আন্দোলন করতে চায়। এটা বেকুবী ছাড়া আর কিছুই নয়।’

সোমবার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলার কুচাই ইছরাব আলী স্কুল এন্ড কলেজের খেলার মাঠে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ সম্মেলন শুরু হয়।

সব দলের অংশ গ্রহণে বিগত জাতীয় সংসদ নির্বাচন হয়েছে উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে আহমদ হোসেন আরও বলেন, ‘নির্বাচনের দিন দুপুরে বিএনপির মহাসচিব বলেছিলেন নির্বাচন সুষ্ঠু হচ্ছে; কিন্তু সন্ধ্যা তিনি বক্তব্য পাল্টে বলেন ভোট রাতে হয়ে গেছে। তারা এভাবে সব সময় মিথ্যাচার করে যাচ্ছেন। রাজকারদের শাস্তি বাংলার মাটিতে কার্যকর হয়েছে। সাজাপ্রাপ্ত আসামী তারেক রহমানকেও দেশে এনে বিচার করা হবে।’

তিনি বলেন, ‘সিলেটের সবকটি উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন হয়েছে। আজকের সম্মেলনের মাধ্যমে সিলেটের উপজেলা আওয়ামী লীগের সম্মেলন শেষ হলো। যারা নেতৃত্বে আসবে তারা দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগকে শক্তিশালী করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।’

সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর সভাপতি, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ¦ শফিকুর রহমান চৌধুরী।

দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মোঃ সাইফুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাজী মোঃ রইছ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক রাজ্জাক হোসেন ও সাহেদ হোসেনের যৌথ পরিচালনায় সম্মেলন মরহুম দলীয় নেতৃবৃন্দের রূহের মাগফেরাত কামনা করে শোক প্রস্তাব ও ফাতেহা পাঠ করা হয়। পরে সাংগঠনিক রিপোর্ট পেশ করা হয়।

রাত ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউন্সিল অধিবেশনে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি-সম্পাদক নির্বাচন চলছে।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট