|
প্রকাশিত: ১১:১৩ পূর্বাহ্ণ, নভেম্বর ৭, ২০১৮
আজই নির্ধারিত হবে সিলেট সিটি কর্পোরেশনের(সিসিক)-এর প্যানেল মেয়র কারা হচ্ছেন। তিন প্যানেল মেয়র পদে ১১জন কাউন্সিলর তৎপরতা চালাচ্ছেন। এদের মধ্যে দুটি প্যানেল মেয়র পদে সাতজন কাউন্সিলর ও একজন সংরক্ষিত আসনের প্যানেল মেয়রের জন্য চারজন নারী কাউন্সিলরের নাম শোনা যাচ্ছে। তারা নিজেদের মধ্যে প্রচারণাও চালিয়ে যাচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আইন অনুযায়ী, সিটি কর্পোরেশনের নতুন পরিষদের প্রথম সভার এক মাসের মধ্যে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে এক নারীসহ তিনজন প্যানেল মেয়র নির্বাচিত হবেন। নবনির্বাচিত পরিষদের প্রথম সভা আজ বুধবার অনুষ্ঠিত হবে; যে কারণে প্যানেল মেয়র কারা হচ্ছেন তা নিয়ে কৌতুহল সৃষ্টি হয়েছে নগরবাসীর মধ্যেও।
সূত্র জানায়, সিলেট সিটিতে ২৭টি সাধারণ ওয়ার্ড এবং ৯ টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলরদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর রয়েছেন ১৭ জন। আর বিএনপি-জামায়াত সমর্থিক কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলরের সংখ্যা ১৯। এ কারণে প্যানেল মেয়র হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত বিজয়ীরা।
প্যানেল মেয়র পদের সম্ভাব্য প্রার্থীরা হচ্ছেন- ১ নং ওয়ার্ডের কাউন্সিলর তৌফিকুল হাদি, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মখলিসুর রহমান কামরান, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর শান্তনু দত্ত সনতু, ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর এ বি এম জিল্লুর রহমান উজ্জল, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর এডভোকেট সালেহ আহমদ সেলিম, ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বক্স লিপন, ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর আজম খান। এছাড়া, সংরক্ষিত ১নং ওয়ার্ডের কাউন্সিলর এডভোকেট সালমা সুলতানা, সংরক্ষিত ৬নং ওয়ার্ডের কাউন্সিলর শাহানারা বেগম, সংরক্ষিত ৭নং ওয়ার্ডের নাজনীন আক্তার কণা ও সংরক্ষিত ৯নং ওয়ার্ডের রোকসানা বেগম শাহনাজ প্যানেল মেয়র নির্বাচনের দৌড়ে রয়েছেন। এর মধ্যে
এদের মধ্যে তৌফিকুল হাদি, এবিএম জিল্লুর রহমান উজ্জল, রোকসানা বেগম শাহনাজ ছাড়া বাকি সবাই আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় রয়েছেন।
সিসিকের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রকিব তুহিন জানান, প্যানেল মেয়র পদে এরই মধ্যে ১১ জন প্রার্থী তৎপরতা শুরু করেছেন। তারা তার সাথে যোগাযোগ করেছেন বলে জানান এ কাউন্সিলর।
প্যানেল মেয়র প্রার্থী ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর আজম খান বলেন, প্যানেল মেয়র হতে তিনি তৎপরতা শুরু করেছেন। সিসিকের অপর কাউন্সিলরদের সাথে যোগাযোগ করছেন।
সিসিকের একটি সূত্র জানায়, গতবারের প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী এবং জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ এবার প্যানেল মেয়র হওয়ার প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত রয়েছেন। কাউন্সিলর লোদী প্যানেল মেয়র পদে প্রার্থী হবেন না বলে এ প্রতিবেদককে জানিয়েছেন।
টানা দ্বিতীয় মেয়াদে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র হিসেবে গত ৮ অক্টোবর দায়িত্ব গ্রহণ করেছেন আরিফুল হক চৌধুরী। আজ দায়িত্ব নেবেন ২৭ সাধারণ কাউন্সিলর ও ৯জন সংরক্ষিত কাউন্সিলরও। তাদের দায়িত্ব গ্রহণের পরই অনুষ্ঠিত হবে সিসিকের প্রথম সাধারণ বৈঠক। আর বিধি অনুযায়ী এ বৈঠকের ৩০ দিনের মধ্যে নির্বাচিত করতে হয় প্যানেল মেয়র।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D