৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৩ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০১৮
সিলেট শহরতলীর বাদাঘাটে নির্মিত সিলেট কেন্দ্রীয় কারাগারের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সকাল ১১ টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী এ প্রকল্পের উদ্বোধন ঘোষণা করেন।
একই অনুষ্ঠানে ২০টি মন্ত্রণালয়ের অধীনে ৩২১টি উন্নয়ন প্রকল্পেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫৬টি জেলায় এসব প্রকল্প বাস্তবায়িত হবে।
ভিডিও কনফারেন্স শুরু হয় কাল ১০টায়। এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতার স্বপ্ন ছিল নিপীড়িত মানুষের ভাগ্য পরিবর্তন করা। এই লক্ষ্যেই তিনি দেশকে স্বাধীন করার লড়াই করেছেন। এই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আমি সারা বাংলাদেশ ঘুরেছি। মানুষের ভাগ্য কীভাবে পরিবর্তন করা যায় তা ভেবেছি। মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার চেতনা কীভাবে ঘরে ঘরে পৌঁছে দেওয়া যায় তা ভেবেছি। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। বর্তমান এই প্রজন্মের জীবনটা যেন সুন্দর হয়, বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় যেন তারা টিকতে পারে, যেখানেই যাবে মাথা উঁচু করে চলবে সেটাই আমরা চাই।’
এদিকে সিলেট কেন্দ্রীয় কারাগার উদ্বোধন উপলক্ষে সিলেট জেলা প্রশাসকের কনফারেন্সরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন- সংসদ সদস্য ইমরান আহমদ ও মাহমুদ উস সামাদ কয়েছ, বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, সিলেট রেঞ্জ পুলিশের ডিআইজি মো. কামরুল আহসান, জেলা প্রশাসক এম.কাজী. এমদাদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমন, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুনেছা হক, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আবদুল জলিল প্রমুখ।
১৯৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রায় ২ হাজার বন্দি ধারণ ক্ষমতার এই কারাগারে মোট ৬৪টি ভবন রয়েছে। ৩০ একর জায়গাজুড়ে নির্মিত কারাগারে পুরুষ বন্দিদের জন্য ৪টি এবং নারী বন্দিদের জন্য রয়েছে ৩টি ভবন। পুরুষ বন্দিদের ৪টি ভবনই ৬ তলাবিশিষ্ট আর নারী বন্দিদের জন্য নির্ধারিত ভবনের মধ্যে একটি ৪ তলা এবং দুটি দ্বিতল ভবন রয়েছে। এছাড়াও রয়েছে ৫টি হাসপাতাল। রান্নার কাজের জন্য রয়েছে ৫টি ভবন, যার সবগুলোই ১ তলা। খাবার মজুদ রাখার জন্য রয়েছে ৪টি ভবন, দোতলা একটি রেস্ট হাউসও আছে এই কারাগারে। রয়েছে ৪ তলাবিশিষ্ট একটি ডে কেয়ার সেন্টার, মসজিদ, স্কুল ও লাইব্রেরি। এছাড়া, থাকছে কর্মকর্তা-কর্মচারীদের আবাসন, ক্যান্টিন, বন্দিদের সঙ্গে সাক্ষাৎকার রুম, প্রশাসনিক কার্যালয়।
সূত্র জানায়, কারাগারটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল ২০১৫ সালের জুন মাসে। নির্দিষ্ট মেয়াদে কাজ শেষ করতে না পারায় তিন দফা মেয়াদ বৃদ্ধি করা হয়। অবশেষে আজ বৃহস্পতিবার উদ্বোধন হচ্ছে নবনির্মিত সিলেট কেন্দ্রীয় কারাগার।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D