২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০১৮
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সাথে সাক্ষাৎ করতে রাত ৮টায় বঙ্গভবনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার বিকেলে অমর একুশে বইমেলার উদ্বোধন করেন। বৃহস্পতিবার বাংলা একাডেমি চত্বরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষা আন্দোলন ও বাংলাদেশের ইতিহাস তুলে ধরে এসব কর্মকাণ্ডে জাতির জনক বঙ্গবন্ধুর অবদানের কথা উল্লেখ করেন তিনি।
শেখ হাসিনা বলেন, ‘আজকে আমরা বাংলা একাডেমির এই বইমেলায় উপস্থিত হয়েছি, বাংলাদেশে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন কিন্তু প্রথম বঙ্গবন্ধুই শুরু করেছিলেন। আমাদের মাতৃভাষার মর্যাদা রক্ষা, আমরা যেন মাতৃভাষায় কথা বলতে পারি, তার সব ব্যবস্থা তিনি করে গিয়েছিলেন।’
অপরদিকে রাষ্ট্রপতি পদে নির্বাচনে মো. আবদুল হামিদকেই পুনরায় মনোনয়ন দিয়েছিল আওয়ামী লীগ।
বুধবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রায় সোয়া এক ঘন্টা সভা চলে। এতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আবদুল হামিদের নাম প্রস্তাব করেন। এ প্রস্তাব সমর্থন করেন উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমদ।
দলটি জানায়, রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে বর্ষীয়ান এই রাজনীতিককে বুধবার রাতে মনোনয়ন দেয়া হয়েছে। জাতীয় স্বার্থে তাকে দ্বিতীয়বার মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সংসদে দলটির দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা থাকায় দ্বিতীয় মেয়াদে তার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া নিশ্চিত বলা চলে।
তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল ৫ ফেব্রুয়ারি। এদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৭ ফেব্রুয়ারি। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১০ ফেব্রুয়ারি। নির্বাচন হবে আগামী ১৯ ফেব্রুয়ারি।
উল্লেখ্য, ২০১৩ সালে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুর পর ২৪ মার্চ থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপ্রধান ছিলেন আবদুল হামিদ। পরে ২২ এপ্রিল তিনি বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। আর তিনি দায়িত্ব গ্রহণ করেন ২৪ এপ্রিল। আগামী ২৩ এপ্রিল তার ৫ বছর মেয়াদ পূর্ণ হবে। আবদুল হামিদ রাষ্ট্রপতি হওয়ার আগে ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হন এবং স্পিকার হিসেবে দু’বার দায়িত্ব পালন করেন।
স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত আবদুল হামিদসহ ২০ মেয়াদে ১৭ জন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। দ্বিতীয় মেয়াদে ২১তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D