২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪০ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৬, ২০১৮
বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ২০০৭ সাল থেকে ২০১৮ সালের জানুয়ারির ২২ তারিখ পর্যন্ত সারা দেশে ৫০ হাজার ৭৪টি মামলা হয়েছে। এসব মামলায় ১১ লাখ ৯১ হাজার ৪৪৯ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া ৩ হাজার ৯৪৭ জন নেতাকর্মী এখন কারাগারে আছেন।
আজ বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব তথ্য দেন। সংবাদ সম্মেলন শেষে বিএনপির পক্ষ থেকে মামলা, গ্রেপ্তার ও বর্তমানে কারাবন্দী নেতা-কর্মীদের হিসাব দেওয়া হয়।
নেতা-কর্মীদের গ্রেপ্তারের তথ্য দিয়ে ফখরুল ইসলাম বলেন, গত বছরের ৩০ ডিসেম্বর থেকে জানুয়ারির ২২ তারিখ পর্যন্ত সারা দেশে সাতটি বিভাগে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে ৫২৮টি মামলা হয়েছে। এসব মামলায় আসামির সংখ্যা ২৪ হাজার ৭০৭ জন। গ্রেপ্তারের সংখ্যা ১ হাজার ৫১৯ জন। গুম হয়েছেন একজন, খুন হয়েছেন একজন।
এ ছাড়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ২৪ জন উপদেষ্টার বিরুদ্ধে মোট ২৯৪টি মামলা হয়েছে। এর মধ্যে বেশি মামলা হয়েছে আমান উল্লাহ আমানের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে মোট ৯৬টি মামলা হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান পদের ২১ জন নেতার বিরুদ্ধে মামলা হয়েছে ৩০৮টি। ভাইস চেয়ারম্যানদের মধ্যে বেশি মামলা হয়েছে বরকত উল্লাহ বুলুর বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে ৬১টি মামলা হয়েছে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের বিরুদ্ধে ঢাকা মহানগরে ৫৪টি মামলা হয়েছে। এ ছাড়া দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ মোট আটজন যুগ্ম মহাসচিবের বিরুদ্ধে ২৭৭টি মামলা হয়েছে। যুগ্ম মহাসচিবদের মধ্যে সবচেয়ে বেশি ১২৯টি মামলা হয়েছে হাবিব-উন নবী খান সোহেলের বিরুদ্ধে।
দলটির পাঁচজন সাংগঠনিক সম্পাদক ও ১৭ জন সম্পাদকের বিরুদ্ধে মোট ৩৩৩টি মামলা হয়েছে। ১২ জন সহসম্পাদকের বিরুদ্ধে ১৪৩টি মামলা হয়েছে। এ ছাড়া জাতীয় নির্বাহী কমিটির ১৩৪ জন সদস্যের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার হাজিরার দিন গুলশান থেকে বকশিবাজার পর্যন্ত বিভিন্ন থানায় একই দিনে চার-পাঁচটি মামলা করা হয় বলে অভিযোগ করেছে বিএনপি। এসব মামলায় হাজার হাজার নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। খালেদা জিয়ার গাড়িবহরে নেতা-কর্মীরা ‘সুশৃঙ্খলভাবে’ থাকে এবং এসব মামলার কোনো ভিত্তি নেই বলে বিএনপি মনে করে।
বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তারের হিসাব সংবলিত কাগজে দলের পক্ষ থেকে কিছু বিষয়কে ‘রহস্যময়’ ও ‘অবিশ্বাস্য’ তথ্য বলে উল্লেখ করা হয়েছে। দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলার তথ্য সংগ্রহ করতে গিয়ে বিএনপি দেখেছে, একই দিনে বিভিন্ন থানায় ১০-১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এসব মামলায় একই ব্যক্তিকে আসামি করা হয়েছে। একই আসামি উত্তরা থানা এলাকা থেকে ২০-২৫ মিনিটের মধ্যে যাত্রাবাড়িতে গিয়ে গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে। আবার ওই ব্যক্তিই আধ ঘণ্টার মধ্যে যাত্রাবাড়ি থেকে গাবতলী, মিরপুর এলাকায় গিয়ে অপরাধ সংগঠিত করেছে। এসব মামলার এজাহার পড়ে মামলাগুলোকে ‘কাল্পনিক’ বলে মনে করছে বিএনপি।
এ পর্যন্ত বিএনপির ২৩ হাজার নেতা-কর্মী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নির্যাতনের শিকার হয়েছে বলে দাবি করেছে বিএনপি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D