২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০১৮
বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা সফররত ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। এর আগে ধানমণ্ডির বঙ্গবন্ধু জাদুঘরে যান ভারতের সাবেক রাষ্ট্রপতি।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রণব মুখার্জি গণভবনে গেলে কম্পাউন্ড গেটে তাকে অভ্যর্থনা জানান শেখ হাসিনা। এরপর বৈঠকে বসেন দুই নেতা। দুই দেশের বেশ কিছু বিষয় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়।
এসময় ধানমণ্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। সোমবার দুপুরে তিনি এই শ্রদ্ধা জানান। এর আগে বেলা ১১টা ৪০ মিনিটে ধানমন্ডিতে বঙ্গবন্ধু জাদুঘরে প্রবেশ করেন তিনি। সেখান থেকেই প্রণব মুখার্জি গণভবনে যান।
এর আগে, পাঁচদিনের সফরে রবিবার বিকালে বাংলাদেশে আসেন প্রণব মুখার্জি ও তার কন্যা শর্মিষ্ঠা মুখার্জি। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাংলাদেশে নেমেই সাবেক এ বাঙালি রাষ্ট্রপতি সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান। এ সময় তিনি বলেন, ‘আমি কয়েকদিন বাংলাদেশে আছি, অনেকের সঙ্গে দেখা হবে, কথা হবে।’
মঙ্গলবার (১৬ জানুয়ারি) ‘বাঙালি বাবু’ যাবেন চট্টগ্রামে। রাউজানে মাস্টারদা সূর্য সেনের বাড়ি পরিদর্শন করে তিনি যাবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলে। ওই দিন তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্মারক বক্তৃতায় অংশ নেবেন।
বুধবার (১৭ জানুয়ারি) ঢাকায় ফিরবেন প্রণব, আর স্বদেশে ফেরত যাবেন বৃহস্পতিবার (১৮ জানুয়ারি)।
প্রসঙ্গত, বাংলাদেশ সফররত ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আজ দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রীর দেয়া মধ্যাহ্নভোজে অংশ নেন তিনি।
ভারতের বাংলা দৈনিক আজকালের প্রতিবেদনে এ প্রসঙ্গে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রণব মুখার্জিকে নিজের হাতে রান্না করে খাওয়াবেন।
দৈনিকটি জানায়, খাবারের মেনুতে ইলিশ মাছ ও কিছু ভর্তা থাকবে। এ ছাড়া প্রণব মুখার্জির পছন্দের কিছু খাবারও থাকবে মধ্যাহ্নভোজে।
নির্ধারিত কর্মসূচি মোতাবেক, ভারতের সাবেক এ রাষ্ট্রপতি মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে তাকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করা হবে। বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিকতা শেষ করে রাউজানে পারিবারিক বসতভিটা দেখতে যাবেন তিনি। রাতে চট্টগ্রামে থাকবেন প্রণব মুখার্জি।
বুধবার ঢাকায় ফিরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রণব মুখার্জি। পর দিন বৃহস্পতিবার সকালে ভারতের উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করবেন।
উল্লেখ্য,ভারতের ১৩তম রাষ্ট্রপতি প্রণব মুখার্জি গত বছরের জুলাইয়ে অবসরে যান। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে ২০১৩ সালের মার্চে বাংলাদেশ সফরে এসে স্ত্রীকে নিয়ে নড়াইলে শ্বশুরালয়ে যান প্রণব মুখার্জি।এর আগে ১৯৯৬ সালে মেয়ে শর্মিষ্ঠাকে নিয়ে নড়াইলের বাড়িতে এসেছিলেন স্ত্রী শুভ্রা মুখার্জি। ২০১৫ সালে মারা যান শুভ্রা মুখার্জি। বাংলাদেশে মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য প্রণব মুখার্জিকে সম্মাননাও দেয়া হয়েছিল।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D