২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৭
বাংলাদেশে রাজনৈতিক দলের নেতা-কর্মী, সাংবাদিক, শিক্ষক, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নিখোঁজ হচ্ছেন যারা গুমের শিকার বলে পরিচিত। খবর বিবিসির
মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের হিসেবে ২০১৭ সালে এ পর্যন্ত ৫৫ জন ব্যক্তি গুমের শিকার হয়েছেন যাদের মধ্যে মাত্র ৯ জন ফিরে এসেছেন। এছাড়া দুই জনের মৃতদেহ পাওয়া গেছে আর তিনজনকে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার দেখিয়েছে।
গুম বা নিরুদ্দেশ হয়ে যাওয়া ব্যক্তিরা যখন পরিবারে ফিরে আসেন তখন ওই ব্যক্তি কিংবা তার পরিবার কেউই মুখ খুলতে চান না। তাদের সঙ্গে কী ঘটেছিল, কারা ধরেছিল বা কোথায় রাখা হয়েছিল সে সম্পর্কে কোনো তথ্যই পাওয়া যায় না। পুলিশও এসব ঘটনার রহস্য উদ্ঘাটন করতে কার্যত ব্যর্থ হচ্ছে বলেই অনেকে মনে করেন।
বাংলাদেশে নিখোঁজ ব্যক্তিদের প্রকাশ্যে কিংবা গণমাধ্যমের মুখোমুখি হওয়ার ঘটনা বিরল।
সম্প্রতি নিখোঁজ থাকার পর ফিরে আসা প্রথম কোনো ব্যক্তি হিসেবে লেখক ফরহাদ মজহার গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন। অপহরণ এবং উদ্ধার হওয়ার ৫ মাসের মাথায় এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেছেন, উদ্ধার হওয়ার পর আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে চেয়েছে সেভাবেই তিনি বক্তব্য দিয়েছেন।
নিখোঁজদের পরিবার কতটা আইনী সহায়তা পাচ্ছে?
নর্থ সাউথ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সহকারী অধ্যাপক মোবাশ্বার হাসানকে মঙ্গলবার বিকেল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
বাংলাদেশে গত দুই মাসে একজন সাংবাদিক, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতা নিখোঁজ হয়েছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
এছাড়া প্রায়শই বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন ব্যক্তির নিখোঁজ হওয়ার অভিযোগ ওঠে। নিখোঁজদের কেউ কেউ ফিরে এলেও, দীর্ঘদিনেও অনেকের কোন সন্ধান মেলে না। কিন্তু এরকম ক্ষেত্রে নিখোঁজের পরিবার কতটা আইনগত সহায়তা পাচ্ছে?
মানবাধিকার কর্মী নুর খান লিটন বলেন, ‘এই ধরণের ক্ষেত্রে আইন সবার আগে বলে নিকটতম থানাকে অবহিত করতে। কিন্তু আমরা লক্ষ্য করেছি, যখন পরিবার বা প্রত্যক্ষদর্শীর পক্ষ থেকে বর্ণনায় আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টতার সামান্যতম সন্দেহ থাকে, তখন আর থানা বা পুলিশ জিডি বা মামলা গ্রহণ করতে চায় না।’
সেক্ষেত্রে নিখোঁজদের পরিবারের আর কি করার থাকে?
নুর খান বলেন, ‘সেক্ষেত্রে ওই পরিবারের সদস্যরা আদালতে যেতে পারেন। কিন্তু আদালতে গেলেই যে সে বিষয়ে সুরাহা হবে, সে সম্ভাবনাও ক্ষীণ হয়ে যাচ্ছে। কারণ দেখা যায়, আদালত বলে পুলিশকেই আবার তদন্ত করতে। সেক্ষেত্রে তদন্ত স্বাভাবিক গতিতে কাঙ্ক্ষিত জায়গায় পৌছায় না।’
কোন কোন সময় দীর্ঘদিন নিখোঁজ থাকার পর অনেকে ফিরে আসেন। কিন্তু ফিরে আসার পরেও পরিবারগুলোর তরফ থেকে আইনগত কোন উদ্যোগ দেখা যায় না। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কোন তদন্ত করতে দেখা যায় না।
নিখোঁজ বা গুম ঘটনা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসা মানবাধিকার কর্মী নুর খান লিটন বলছেন, ‘তাদের সাথে কাজ করতে গিয়ে আমরা দেখেছি, ওই মানুষগুলো এমন একটা ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে ওই সময় অতিক্রম করে, যেটির কারণে তাকে সবসময় আতংকিত অবস্থায় থাকতে হয়। আমার অনেক প্রতিষ্ঠিত, সমাজের প্রতিপত্তি সম্পন্ন মানুষগুলোকেও দেখেছি, যারা ফিরে আসার পর মামলা বা একটা শব্দও উচ্চারণ করেন না। আমার ধারণা তারা সাহস পান না।’
‘এ ধরণের ঘটনায় দৃশ্যত কার্যকর কোন পদক্ষেপ রাষ্ট্রের তরফ থেকে নেয়া হয় না। তখন মানুষের কোন আশ্রয়স্থল থাকে না, তাই মানুষ নিজ উদ্যোগে আইনের কাছেও যেতে চায় না।’ বলছেন এই মানবাধিকার কর্মী।
নুর খান বলছেন, ‘সংবিধানের নানা ধারা উপধারায় অধিকারের কথা বলা আছে, সে অনুযায়ী আইন আছে। কিন্তু সেটির প্রয়োগ নেই। কারণ সমাজ এমন একটি জায়গায় চলে গেছে, সেটা হচ্ছে বিচারহীনতা ও ভয়ের সংস্কৃতি। এই দুটো মিলেমিশে পুরো সমাজকে গ্রাস করে ফেলেছে। ফলে শুভ উদ্যোগ, প্রতিবাদ বা প্রতিরোধ বা আইনের আশ্রয় লাভের যে অধিকার, তা গুমরে গুমরে কাঁদছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D