সিলেটে চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৬

সিলেটে চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অভিযানে চোরাই মোটরসাইকেল ও মাস্টার চাবিসহ মোটরসাইকেল চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুটি চোরাই মোটরসাইকেল এবং মোটরসাইকেল চুরির কাজে ব্যবহৃত তিনটি বিশেষভাবে তৈরি মাস্টার চাবি উদ্ধার করা হয়।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে সিলেট নগরীর কোতোয়ালী মডেল থানাধীন কুমারপাড়া এলাকার তাকওয়া মসজিদের পাশে ব্যতিক্রম পার্লারের নিচে লাল রঙের একটি হিরো হোন্ডা গ্ল্যামার ১২৫ সিসি মোটরসাইকেল তালাবদ্ধ করে জুমার নামাজ আদায় করতে যান আরিফ আহমেদ নাঈম (৩৫)। নামাজ শেষে ফিরে এসে মোটরসাইকেলটি না পেয়ে তিনি থানায় অভিযোগ করেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে এসআই মাহবুবুল আলমের নেতৃত্বে কোতোয়ালী থানা পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় বন্দর এলাকার কুদরতউল্লাহ মার্কেটের সামনে অভিযান চালায়। এ সময় নাজমুল আহমেদ নাজু (৩১) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে মোটরসাইকেল চুরির কাজে ব্যবহৃত বিশেষভাবে তৈরি দুটি মাস্টার চাবি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ।

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটে শাহপরান (রহ.) থানাধীন পীরেরচক এলাকায় অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন—মো. ইমরুল হাসান সিনবাদ ওরফে ইমরান (২৯), মো. আব্দুল মতিন ওরফে হেরাজু মতি (২৯) এবং সজল আহমদ ইয়াছিন (৩২)।

এ সময় গ্রেফতাররকৃতদের হেফাজত থেকে চুরি হওয়া লাল রঙের হিরো হোন্ডা গ্ল্যামার ১২৫ সিসি মোটরসাইকেল (রেজি. নং- সিলেট-হ-১৩-৬২০৩), লাল রঙের পালসার ১৫০ সিসি মোটরসাইকেল (রেজি. নং- সিলেট-ল-১১-২৫৭৩) এবং মোটরসাইকেল চুরির কাজে ব্যবহৃত আরও একটি বিশেষ মাস্টার চাবি জব্দ করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে নাজমুল আহমেদ নাজুর বিরুদ্ধে পেনাল কোডে দুটি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। ইমরুল হাসান সিনবাদের বিরুদ্ধে পেনাল কোডে ছয়টি ও দ্রুত বিচার আইনে একটি মামলা রয়েছে। একইভাবে আব্দুল মতিন ওরফে হেরাজু মতির বিরুদ্ধে পেনাল কোডে ছয়টি এবং দ্রুত বিচার আইনে একটি মামলার তথ্য পাওয়া গেছে।

সিডিএমএস পর্যালোচনায় আরও দেখা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন জেলা এবং কিশোরগঞ্জ জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় পেনাল কোড ১৮৬০-এর ৩৭৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত চারজনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট