|
প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৬
সিলেট গত ২৪ ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাত মাস বয়সী শিশুটির মৃত্যু হয়। শিশুটির বাড়ি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায়। এ নিয়ে বিভাগে হাম ও রুবেলায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৬ জনে।
শনিবার (২৮ নভেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ১৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৩৫ জনে। একই সময়ে সন্দেহজনক হাম রোগী হিসেবে বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১০৭ জন।
নতুন ভর্তি রোগীদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৯২ জন, হবিগঞ্জে ১১ জন এবং মৌলভীবাজারে ৪ জন রয়েছেন। তবে সুনামগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো রোগী ভর্তি হয়নি।
বর্তমানে সিলেট বিভাগের চার জেলার বিভিন্ন হাসপাতালে হাম ও সন্দেহজনক হাম রোগে আক্রান্ত মোট ৫১৯ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৪৩৯ জন এবং বেসরকারি হাসপাতালে ৮০ জন ভর্তি রয়েছেন।
সরকারি হাসপাতালগুলোর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সর্বোচ্চ ১৯১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি আছেন ৯১ জন। এ ছাড়া হবিগঞ্জের বিভিন্ন হাসপাতালে ৯৪ জন, মৌলভীবাজারে ১৭ জন এবং সুনামগঞ্জে ৪১ জন চিকিৎসাধীন রয়েছেন।
অন্যদিকে, বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল হাসপাতালে ৪০ জন, পার্ক ভিউ মেডিকেল হাসপাতালে ২২ জন এবং নর্থ ইস্ট মেডিকেল হাসপাতালে ১৩ জন রোগী ভর্তি রয়েছেন।
জেলাভিত্তিক মৃত্যুর হিসাবে সিলেটে সর্বোচ্চ ১০৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে ১০৪ জন এবং নিশ্চিত হাম রোগে ৪ জন মারা গেছেন। এ ছাড়া সুনামগঞ্জে ৭৬ জন, হবিগঞ্জে ৩৫ জন এবং মৌলভীবাজারে ১৭ জনের মৃত্যু হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ নভেম্বর পর্যন্ত সিলেট বিভাগে হাম ও রুবেলার উপসর্গ নিয়ে মোট ২৩৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২২৬ জনের মৃত্যু হয়েছে সন্দেহজনক হাম রোগে এবং ১০ জনের মৃত্যু নিশ্চিত হাম রোগে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D