সিলেটে কর্মস্থলে নেই খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা, সংগ্রহ হয়নি ধান

প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৬

সিলেটে কর্মস্থলে নেই খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা, সংগ্রহ হয়নি ধান

আমন ধান সংগ্রহ কার্যক্রম শুরুর দিন সরকারি নির্দেশনা অনুযায়ী কর্মস্থলে থাকার কথা থাকলেও সিলেটে ছিলেন না সদর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সামাদ। ফলে সিলেট সদর উপজেলায় কোনো ধানও সংগ্রহ করা হয়নি।

শনিবার (১৪ নভেম্বর) থেকে সারা দেশে একযোগে আমন-২০২৬ মৌসুমের ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এবার সিলেট বিভাগে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ৮৪৯ টন। এর মধ্যে শুধু সিলেট জেলায় লক্ষ্যমাত্রা ৬ হাজার ৬১২ টন। কৃষকের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং সরকারি খাদ্য মজুত গড়ে তোলার লক্ষ্যে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তবে কার্যক্রমের প্রথম দিন সিলেট সদর উপজেলায় কোনো ধান সংগ্রহ করা হয়নি। অন্যদিকে জেলার গোয়াইনঘাট উপজেলায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সিলেট জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাকারিয়া মুস্তফা ও আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস এম সাইফুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও কৃষকেরাও এতে অংশ নেন।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আব্দুস সামাদ শনিবার ঢাকায় অবস্থান করছিলেন। এর আগে গত বৃহস্পতিবার তিনি বরিশালে নৌবিহারে যান।

খাদ্য অধিদপ্তরের সংস্থাপন শাখা থেকে গত ১২ নভেম্বর উপপরিচালক অনির্বাণ ভদ্র স্বাক্ষরিত এক অফিস আদেশে ১৪ নভেম্বর থেকে সারা দেশে একযোগে আমন-২০২৬ মৌসুমের ধান সংগ্রহ শুরুর কথা জানানো হয়। এতে অধিদপ্তরের মাঠপর্যায়ের সব কর্মকর্তা-কর্মচারীকে ওই দিন নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়।

আদেশে আরও বলা হয়, ধান সংগ্রহ কার্যক্রম চলাকালে কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কোনো কর্মকর্তা-কর্মচারী কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। নির্দেশনা পালনে ব্যর্থ হলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। আদেশের অনুলিপি আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক, জেলা খাদ্য নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়।

আমন বাংলাদেশের অন্যতম প্রধান খাদ্যশস্য। কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা, সরকারি খাদ্য মজুত গড়ে তোলা এবং খাদ্যনিরাপত্তা বজায় রাখতে প্রতিবছর এ মৌসুমে সরকারিভাবে ধান সংগ্রহ করা হয়। এ কার্যক্রম বাস্তবায়নে মাঠপর্যায়ে খাদ্য বিভাগের কর্মকর্তাদের উপস্থিতি ও তদারকি গুরুত্বপূর্ণ।

বিষয়টি নিয়ে মোহাম্মদ আব্দুস সামাদের ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার কল ও মেসেজ পাঠানো হলেও কোনো সদুত্তর পাওয়া যায়নি।

সিলেট সদর উপজেলায় ধান সংগ্রহ না হওয়া এবং ভারপ্রাপ্ত কর্মকর্তার অবস্থান সম্পর্কে জানতে চাইলে সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ সাখাওয়াত হোসেন একটি গণমাধ্যমকে বলেন, আজ সদরে কোনো ধান সংগ্রহ করা হয়নি। সদর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সিলেট বিভাগের বাইরে অবস্থান করছেন। পরে ধান সংগ্রহ করা হবে।

অধিদপ্তরের নির্দেশনা অমান্য করলে ওই কর্মকর্তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, জানতে চাইলে সাখাওয়াত হোসেন বলেন, এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক ও আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক স্যার আছেন, তারাই ব্যবস্থা নেবেন।

সিলেট জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাকারিয়া মুস্তফা একটি গণমাধ্যমকে বলেন, গোয়াইনঘাটে আমি ও আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস এম সাইফুল ইসলাম স্যারসহ আমন ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেছি। সেখানকার ইউএনওসহ আরও গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন। তবে সিলেট সদর উপজেলার খাদ্য কর্মকর্তা কেন উপস্থিত ছিলেন না, তা জানা নেই। আমরা গোয়াইনঘাট থেকে ফিরে এ বিষয়ে খোঁজখবর নেব। খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সামাদের অনুপস্থিতির বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট