|
প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৬
জার্মানিতে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা আবেদন প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে নতুন ডিজিটাল ব্যবস্থা চালু করছে দেশটির দূতাবাস। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে ডিজিটাল ‘কনস্যুলার সার্ভিসেস পোর্টাল’। এর মাধ্যমে অনলাইনে আবেদন, প্রয়োজনীয় কাগজপত্র জমা এবং আবেদনের অগ্রগতি জানার সুযোগ পাবেন শিক্ষার্থীরা।
জার্মানিতে উচ্চশিক্ষার প্রতি বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে। তবে ভিসার অ্যাপয়েন্টমেন্ট পেতে দীর্ঘ অপেক্ষা করতে হয় অনেক আবেদনকারীকে। এ পরিস্থিতিতে আবেদন প্রক্রিয়া আরও কার্যকর ও গতিশীল করতে নতুন উদ্যোগ নিয়েছে জার্মান দূতাবাস। নতুন ব্যবস্থায় স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়তে আগ্রহী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
নতুন ব্যবস্থায় যেসব সুবিধা
নতুন ডিজিটাল পোর্টালের মাধ্যমে আবেদনকারীরা বেশ কয়েকটি সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে—
– অনলাইনে আবেদন: দূতাবাসে সরাসরি উপস্থিত হওয়ার আগেই অনলাইনে আবেদনপত্র পূরণ এবং প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করা যাবে।
– কাগজপত্রের প্রাথমিক যাচাই: ভিএফএসের মাধ্যমে আবেদনসংক্রান্ত নথিপত্র প্রাথমিকভাবে যাচাইয়ের সুযোগ থাকবে।
– দ্রুত অ্যাপয়েন্টমেন্ট: নির্ধারিত দিনে বায়োমেট্রিক তথ্য সংগ্রহ, ভিসা ফি পরিশোধ এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
– আবেদনের অগ্রগতি জানা: ডিজিটাল পোর্টালে প্রবেশ করে আবেদনের সর্বশেষ অবস্থা জানতে পারবেন আবেদনকারীরা।
– পরিবারসহ আবেদন: প্রযোজ্য ক্ষেত্রে পরিবারের সদস্যদের সঙ্গে যৌথভাবে আবেদন জমা দেওয়ার সুযোগও থাকবে।
দূতাবাসের আশা, নতুন ব্যবস্থায় আবেদনপত্র যাচাইয়ের সময় কমবে এবং ভিসা প্রক্রিয়া আরও গতিশীল হবে। তবে আবেদন ও প্রক্রিয়াকরণের সময় আবেদনকারীর ধরন এবং পরিস্থিতি অনুযায়ী ভিন্ন হতে পারে।
অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদেরও নতুন করে আবেদন
নতুন ব্যবস্থা চালুর কারণে আগের ভিসা অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদেরও নতুন করে আবেদন করতে হবে। পুরোনো ব্যবস্থায় যারা ইতোমধ্যে অপেক্ষমাণ তালিকায় নিবন্ধন করেছেন, তাঁদের নতুন কনস্যুলার সার্ভিসেস পোর্টালে অ্যাকাউন্ট খুলে পুনরায় আবেদন জমা দিতে হবে।
দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের জন্য এ পরিবর্তন সাময়িক অসুবিধা তৈরি করতে পারে। তবে নতুন ব্যবস্থায় আবেদন যাচাইয়ের প্রক্রিয়া আরও গতিশীল হবে এবং দূতাবাসের আবেদন প্রক্রিয়াকরণের সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে। এতে ভিসার অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষার সময়ও কমতে পারে।
যেভাবে আবেদন করবেন
জার্মানিতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়তে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীরা আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন ডিজিটাল পোর্টালে নিবন্ধন করে আবেদন জমা দিতে পারবেন।
আবেদনের জন্য প্রবেশ করতে হবে: ডিজিটাল কনস্যুলার সার্ভিসেস পোর্টাল
প্রয়োজনীয় কাগজপত্র, আবেদন প্রক্রিয়া ও বিস্তারিত নির্দেশনা পাওয়া যাবে জার্মান দূতাবাসের ওয়েবসাইটে ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D