|
প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৬
সিলেট অঞ্চলের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ১২০০ শয্যাবিশিষ্ট নতুন হাসপাতাল, ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল প্রতিষ্ঠা এবং বিদ্যমান চিকিৎসাপ্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আধুনিকায়ন ও নির্মাণাধীন ক্যান্সার হাসপাতালের কার্যক্রম দ্রুত চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শনিবার (১৪ নভেম্বর) সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে ক্যান্সার, কিডনি ও হৃদরোগে আক্রান্ত রোগীদের মধ্যে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়ানো জরুরি। সরকার স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বিনিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সিলেট অঞ্চলের মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ চলছে।
তিনি জানান, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অভ্যন্তরে নির্মাণাধীন ক্যান্সার হাসপাতাল ও কমপ্লেক্সের কাজ দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এটি চালু হলে সেখানে অতিরিক্ত প্রায় ৪০০ থেকে ৪৫০ জন রোগী চিকিৎসাসেবা পাবেন।
এ ছাড়া সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে ২৫০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে আগামী জানুয়ারি থেকে বহির্বিভাগের মাধ্যমে সেখানে চিকিৎসাসেবা চালুর আশা করা হচ্ছে।
সিলেটে শিশুদের চিকিৎসাসেবা আরও উন্নত করতে আগামী বছরের বাজেটে ২০০ শয্যাবিশিষ্ট একটি বিশেষায়িত শিশু হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে ১২০০ শয্যাবিশিষ্ট আরেকটি হাসপাতাল প্রতিষ্ঠার কাজও শুরু হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে সিলেট অঞ্চলে বিশেষায়িত চিকিৎসাসেবার পরিসর ও সক্ষমতা অনেক বাড়বে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিদ্যমান সমস্যার বিষয়ে তিনি বলেন, শুধু নতুন অবকাঠামো নির্মাণ করলেই হবে না, বিদ্যমান হাসপাতালগুলোর সেবার মানও নিশ্চিত করতে হবে। ওসমানী হাসপাতালে সেবার ক্ষেত্রে যেসব অনিয়ম ও অব্যবস্থাপনা রয়েছে, সেগুলো দূর করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
স্বাস্থ্যসেবাকে শুধু রোগের চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ না রেখে রোগ প্রতিরোধের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, অসুস্থ হওয়ার পর চিকিৎসা নেওয়ার চেয়ে আগেই রোগ প্রতিরোধ করা বেশি কার্যকর। রোগের চিকিৎসায় আর্থিক ব্যয়ের পাশাপাশি শারীরিক ও মানসিক ভোগান্তিও পোহাতে হয়। এ কারণে মানুষ যেন অসুস্থ হওয়ার আগেই প্রয়োজনীয় প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা পায়, সে লক্ষ্যে সরকার জনস্বাস্থ্যকেন্দ্রিক বিভিন্ন কর্মসূচি গ্রহণের পরিকল্পনা করছে।
৪০ রোগীর হিসাবে যাচ্ছে এক লাখ টাকা করে
ক্যান্সার, কিডনি ও হৃদরোগে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তার বিষয়ে মন্ত্রী বলেন, এসব রোগের চিকিৎসা দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল। বিশেষ করে কিডনি রোগীদের নিয়মিত ডায়ালাইসিস করাতে হয়, যা অনেক পরিবারের জন্য বড় ধরনের আর্থিক চাপ তৈরি করে।
সরকারের দেওয়া এককালীন এক লাখ টাকা চিকিৎসার সম্পূর্ণ ব্যয় মেটানোর জন্য যথেষ্ট না হলেও রোগীদের চিকিৎসা ব্যয় নির্বাহে গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করবে বলে তিনি উল্লেখ করেন।
মন্ত্রী জানান, শনিবার সিলেট সদর উপজেলার ৪০ জন রোগীর ব্যাংক হিসাবে ইএফটির মাধ্যমে সরাসরি এ অর্থ পাঠানো হচ্ছে। আগামী শুক্রবার সিলেট সিটি করপোরেশন এলাকার আরও ৫২ জন রোগীকে এ সহায়তা দেওয়ার উদ্যোগ রয়েছে। ভবিষ্যতে পর্যায়ক্রমে এ কর্মসূচির আওতা আরও সম্প্রসারণ করা হবে।
সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবদুর রফিক, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক আজিজুর রহমানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উপকারভোগীরা।
এর আগে মন্ত্রী খাদিমনগরে খাদিম পাম বাগানে বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D