|
প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৬
সিলেট নগরীর রায়নগরের ১১১ মিতালী আবাসিক এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের ঘটনায় আসামি বাবুল মিয়ার ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দি, তদন্ত কর্মকর্তার ভূমিকা এবং বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তির বক্তব্য নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন নিহত এম এ সাত্তারের ছেলে আরিফ ইফতেখার। তিনি এই হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত রহস্য উদ্ঘাটনে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে নগরীর মিরাবাজারস্থ একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ১২ আগস্ট ২০২৬ তারিখে নিজ বাসায় তাঁর বাবা এম এ সাত্তার, মা সুরাইয়া বেগম ও গৃহকর্মী তাহমিনা বেগম নৃশংসভাবে খুন হন। এ ঘটনায় বাবুল মিয়ার দেওয়া জবানবন্দিতে মাত্র ২৩ মিনিটের মধ্যে একা তিনজনকে হত্যা, আলমারির তালা ভেঙে কাগজপত্র খোঁজা, টাকা নেওয়া এবং ব্যালকনি দিয়ে পালিয়ে যাওয়ার যে বিবরণ দেওয়া হয়েছে, তা বাস্তবসম্মত নয় বলে তাঁদের সন্দেহ।
তিনি বলেন, ঘটনার সময় একাধিক ব্যক্তি ঘটনাস্থলের আশপাশে উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে কীভাবে আসামি নিরাপদে পালিয়ে গেলেন, তা তদন্তে পরিষ্কার হওয়া প্রয়োজন। একইভাবে ছুরি উদ্ধারের সময় ও স্থান, সিসিটিভি ফুটেজ এবং জব্দ তালিকায় কথিত ১৫ হাজার টাকার অনুপস্থিতিসহ বিভিন্ন বিষয় তদন্তে যথাযথভাবে যাচাই করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।
তদন্ত কর্মকর্তা শিপলু চৌধুরীর ভূমিকা নিয়েও তাঁদের গুরুতর আপত্তি রয়েছে। পুলিশ হেফাজতে আসামিকে জিজ্ঞাসাবাদের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়টি নিয়েও তিনি প্রশ্ন তোলেন। বাবুলের জবানবন্দি স্বেচ্ছায় দেওয়া হয়েছিল, নাকি কোনো চাপ বা প্রভাবে আদায় করা হয়েছে, তা খতিয়ে দেখার দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের সম্ভাব্য কারণ হিসেবে রিকাবীবাজার পুলিশ লাইনসংলগ্ন লুসাই গির্জা সমিতির ৮০ শতক জমি ও ইম্পালস টাওয়ারের মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের বিষয়টিও তুলে ধরা হয়।
তিনি জানান, ২০১৫ সালে ইম্পালস বিল্ডার্স লিমিটেডের সঙ্গে জমি ও ভবন বিক্রির চুক্তি হলেও একই সম্পত্তি আগেই অন্য প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের তথ্য পাওয়া যায়। এ ঘটনায় ২০১৬ সালে দায়ের করা সিআর ১৩৬৩/২০১৬ মামলাটি বর্তমানে বিচারাধীন। এ বিরোধকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে একাধিক পাল্টা মামলাও করা হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, তাঁর বাবা এম এ সাত্তার দুর্নীতি দমন কমিশনসহ একাধিক মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন। জমি নিয়ে বিরোধের জেরে অতীতে তাঁকে হুমকি দেওয়ার ঘটনাও ঘটেছে। তবে ভূমি বিরোধের সঙ্গে হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নির্ধারণ করা প্রয়োজন।
সংবাদ সম্মেলনে মামলার বাদী সেলিনা সুলতানাকে হুমকি এবং তাঁর বাসায় অজ্ঞাত ব্যক্তিদের প্রবেশের চেষ্টার অভিযোগও তুলে ধরা হয়।
তিনি বলেন, তাঁরা কাউকে আগাম অপরাধী হিসেবে চিহ্নিত করতে চান না। তাঁদের একমাত্র দাবি, হত্যাকাণ্ডের নেপথ্যের পরিকল্পনাকারী, নির্দেশদাতা ও সরাসরি জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। পিবিআইয়ের কাছে দ্রুত, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমে তিনটি হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উন্মোচন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।
উল্লেখ্য, গত ১২ আগস্ট সিলেট নগরের রায়নগরের ১১১ মিতালী আবাসিক এলাকার নিজ বাসায় খুন হন ব্যবসায়ী আব্দুস সাত্তার, তাঁর স্ত্রী সুরাইয়া বেগম ও গৃহকর্মী তাহমিনা বেগম। এ ঘটনায় কোতোয়ালি থানায় হত্যা মামলা করা হয়। বর্তমানে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে।
সংবাদ সম্মেলনে নিহতদের পরিবারের সদস্য ছাড়াও ন্যায়বিচার প্রত্যাশী কয়েকজন উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D