যৌন হয়রানির শিকার ছাত্রীকে অসহযোগিতায় শাবির প্রক্টর অফিসে তালা

প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৬

যৌন হয়রানির শিকার ছাত্রীকে অসহযোগিতায় শাবির প্রক্টর অফিসে তালা

যৌন হয়রানির শিকার এক শিক্ষার্থীকে অসহযোগিতা ও অসদাচরণের অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রক্টর অফিসে তালা দিয়েছেন কয়েকজন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকালে প্রক্টর কার্যালয়ে তালা দেন তারা।

খোঁজ নিয়ে জানা যায়, বুধবার (১১ নভেম্বর) সিলেট নগরীর আম্বরখানা এলাকার একটি খাবারের আউটলেটে শাবিপ্রবির এক ছাত্রী যৌন হয়রানির শিকার হন। এ ঘটনায় সহায়তা চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমানকে ফোন করলে তিনি ওই ছাত্রীকে ধমক দেন এবং সহায়তা করতে অস্বীকৃতি জানান।

ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ, গতকাল বুধবার দুপুর ২টার দিকে আম্বরখানার একটি খাবারের আউটলেটে পার্সেল নেওয়ার সময় এক সেলসম্যান ইচ্ছাকৃতভাবে তাঁর হাত চেপে ধরেন ও অশালীন আচরণ করেন। তাৎক্ষণিক প্রতিবাদ করলে সেলসম্যান উল্টো ধমক দেন এবং আউটলেটের ম্যানেজারও সিসিটিভি ফুটেজ না দেখিয়ে বিষয়টি এড়িয়ে যান।

এরপর ওই ছাত্রী সহায়তার জন্য প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমানকে ফোন করলে প্রক্টর বিরক্তি প্রকাশ করে বলেন, ‘ব্যাড টাচ করেছে সেটা ভার্সিটির দেখার দায়িত্ব নাকি? সে কি আমার কোম্পানিতে চাকরি করে? ঘটনা যেহেতু ক্যাম্পাসের ভেতরে নয়, সেহেতু প্রক্টর অফিস কেন দেখবে? আগে থানায় জিডি করো তারপর প্রক্টর অফিসে অভিযোগ দিতে হবে।

ভুক্তভোগী আরও জানান, মানসিকভাবে ভেঙে পড়ার কথা জানালে প্রক্টর উল্টো ধমক দেন।

প্রক্টর অফিসে তালা ঝুলানোর ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিয়াজ হোসেন রিমন বলেন, গতকাল বুধবার এক আপু যৌন হয়রানির শিকার হয়ে প্রক্টর স্যারের কাছে ফোন দিলে উনি উল্টো ধমক দেন এবং অসৌজন্যমূলক আচরণ করেন। আমরা বিগত সময়ে দেখেছি ক্যাম্পাস থেকে নিষিদ্ধ বহিষ্কৃত ছাত্রলীগের নেতাকর্মীদেরকে তিনি স্পেশাল প্রোটোকলের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। এছাড়াও একজন শিক্ষার্থী কিছুদিন আগে ট্রাক দুর্ঘটনায় আহত হন। ওই শিক্ষার্থীকে না জানিয়ে প্রক্টর রাতের আধারে এক লক্ষ টাকা জরিমানা করেন। যেটা ভুক্তভোগী শিক্ষার্থী জানেই না। এই টাকা আদৌ ওই শিক্ষার্থীর হাতে হ্যান্ডওভার করা হয়নি।

তিনি আরও বলেন, অনেক নারী শিক্ষার্থীরা এখানে এসে বডি শেমিং এর শিকার হচ্ছে। প্রক্টর অনেকের পোশাক নিয়ে কটূক্তি করেন। তাই এসব অভিযোগের পর এরকম একটা দায়িত্বশীল গুরুত্বপূর্ণ পদে থাকার যোগ্যতা হারিয়েছেন।

এ বিষয়ে জানতে প্রক্টর অধ্যাপক মুখলেসুর রহমানকে একাধিকবার ফোন দেওয়া হলেও তাকে পাওয়া যায়নি।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট