|
প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৬
সিলেটে সেনাবাহিনী ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে সাধারণ ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে মো. শহীদুল ইসলাম (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল আনুমানিক ৬টার দিকে নগরের চৌহাট্টা পয়েন্টে যাত্রী ছাউনির সামনে থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক শহীদুল ইসলাম দীর্ঘদিন ধরে নিজেকে সেনাবাহিনী ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন ব্যবসায়ীকে ভয়ভীতি প্রদর্শন করে চাঁদা আদায় করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে বাদী জুবেল আহমদের (২৫) কাছে চাঁদা দাবি করেন শহীদুল ইসলাম। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তার চা, পান ও সিগারেট বিক্রির ভ্যানগাড়িটি মালামালসহ নিয়ে যান। পরে বাদীর সহযোগী এমরান আহমদ (২৭) নগদ ২ হাজার টাকা এবং বাদী বিকাশের মাধ্যমে দুই দফায় ৫ হাজার ১০০ টাকা প্রদান করলে ভ্যানগাড়িটি ফেরত দেওয়া হয়।
এ ছাড়া গত ১০ নভেম্বর রাত ৮টার দিকে তানভীর মিয়া (১৮) নামে আরেক ব্যক্তির কাছ থেকেও এক হাজার টাকা চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
সর্বশেষ বৃহস্পতিবার সকালে তানভীরের দোকানে গেলে তিনি বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তের পরিচয়পত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হন এবং অসংলগ্ন বক্তব্য দেন। একপর্যায়ে পুলিশ তাকে আটক করে।
আটক মো. শহীদুল ইসলামের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিশমপুর গ্রামে, তিনি মৃত আব্দুল মান্নান এর ছেলে।
এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা নম্বর ২৭, দণ্ডবিধি ১৮৬০-এর ১৭০/৩৮৫/৩৮৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে আটক আসামিকে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি বাহিনীর কর্মকর্তা পরিচয়ে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D